নুরা পাগলার লাশে খড়ি দেওয়া যুবক গ্রেপ্তার

নুরা পাগলার লাশে খড়ি দেওয়া যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলায় রাসেল মণ্ডল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত রাসেল মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরকার পাড়া আব্দুস সামাদ মণ্ডলের ছেলে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব।

তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে ও পর্যালোচনা করে দেখা গেছে রাসেল মণ্ডল নুরাল পাগলার লাশ পোড়ানোর জন্য খড়ি দিচ্ছেন। ফুটেজের ওপর ভিত্তি করে তাকে শনাক্ত করা হয়। পরে তাকে নুরাল পাগলার দরবারের ভক্ত রাসেলের বাবা আজাদ মোল্লার করা মামলায় গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, কবর থেকে লাশ উত্তোলন, পোড়ানো মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল মণ্ডলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, দুটি মামলায় এ পর্যন্ত মোট ২৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা চালায় জনতা। এ সময় রাসেল মোল্লা নামে নুরাল পাগলার এক ভক্ত তাদের প্রতিহত করার চেষ্টা করেন। হামলায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নুরাল পাগলের লাশ পোড়ানো, হত্যাকাণ্ড, হামলা, ভাঙচুর লুণ্ঠনের ঘটনায় রাসেলের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৩৫০০ থেকে ৪০০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত ১১ আসামিকে গ্রেপ্তার করলো পুলিশ।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin