নুরাল পাগলার মরদেহে তেল ছিটানোর দায়ে যুবক গ্রেফতার

নুরাল পাগলার মরদেহে তেল ছিটানোর দায়ে যুবক গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলায় নুরাল পাগলার মরদেহের ওপর তেল ছিটানোর দায়ে মো. নজরুল ইসলাম নজির (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার নজরুল ইসলাম উপজেলার উজানচর ইউনিয়নের নাসের মাতুব্বরপাড়া এলাকার আকবর শেখের ছেলে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে তাকে ফরিদপুরের নগরকান্দা থেকে গ্রেফতার করা হয়।

রবিবার দুপুর আড়াইটার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব।

তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে ও পর্যালোচনা করে দেখা গেছে নজরুল ইসলাম নুরাল পাগলার মরদেহে তেল ছিটাচ্ছে। ফুটেজের ওপর ভিত্তি করে তাকে শনাক্ত করা হয়। পরে তাকে নুরাল পাগলার দরবারের ভক্ত রাসেলের বাবা আজাদ মোল্লার দায়ের করা মামলায় গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, কবর থেকে লাশ উত্তোলন, পোড়ানো মামলায় গ্রেফতার করা হয়। গ্রেফতার নজরুল ইসলামকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, দুটি মামলায় এ পর্যন্ত মোট ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিক্ষুব্ধ জনতা নুরুল হক ওরফে নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা চালায়। এ সময় রাসেল মোল্লা নামে নুরাল পাগলার এক ভক্ত তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। এ সময় জনতার হামলায় গুরুতর আহত হন রাসেল মোল্লা। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নুরাল পাগলার লাশ পোড়ানো, হত্যাকাণ্ড, হামলা, ভাঙচুর লুণ্ঠনের ঘটনায় রাসেলের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৩৫০০ থেকে ৪০০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত ৮ জন আসামিকে গ্রেফতার করলো পুলিশ।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin