পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর পূর্ব সীমান্তে অবস্থানরত মার্কিন সেনাদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রোমানিয়া, বুলগেরিয়া, স্লোভাকিয়া ও হাঙ্গেরিয়ায় অবস্থানরত সেনাদের কিছু ইউনিট প্রত্যাহার করা হবে বলে বুধবার নিশ্চিত করেছে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রোমানিয়া ইনসাইডার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলোকে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে। তবে রোমানীয় কর্তৃপক্ষ বলছে, এটি কোনও পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহার নয়, বরং চলমান ঘূর্ণায়মান মোতায়েন বা রোটেশন-এর সমাপ্তি। দেশটিতে প্রায় এক হাজার মার্কিন সেনা থেকে যাবে বলে সরকারি পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সেনা পুনর্বিন্যাস প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের নতুন অগ্রাধিকারের প্রতিফলন, যা চলতি বছরের ফেব্রুয়ারিতেই ঘোষণা করা হয়েছিল।
এতে আরও বলা হয়েছে, ন্যাটো পূর্ব সীমান্তে তাদের উপস্থিতি ও কার্যক্রম জোরদার করেছে, ফলে যুক্তরাষ্ট্র তাদের সামরিক অবস্থান পুনঃসমন্বয় করতে পারছে।
সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ৮০০ মার্কিন সেনাকে মিহাইল কোগালনিচেনু বিমানঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হবে। তবে দেভেসেলু ও ক্যাম্পিয়া তুরজির ঘাঁটির সেনা সংখ্যায় কোনও পরিবর্তন হবে না।
এপ্রিল মাসে এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপে অবস্থানরত সেনাদের প্রায় অর্ধেক প্রত্যাহারের পরিকল্পনা করছে। রোমানিয়ার এই ঘোষণা সেই পরিকল্পনারই বাস্তবায়ন বলে ধারণা করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে, ন্যাটোর সদস্য দেশগুলোকে নিজেদের নিরাপত্তার জন্য আরও বেশি দায়িত্ব নিতে হবে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প আবারও সেই অবস্থান স্পষ্ট করেছেন।
ন্যাটো এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি।
সূত্র: আনাদোলু এজেন্সি