অদ্ভুত যেসব গবেষণার জন্য এ বছর দেওয়া হলো আইজি নোবেল পুরস্কার

অদ্ভুত যেসব গবেষণার জন্য এ বছর দেওয়া হলো আইজি নোবেল পুরস্কার

বিদেশি ভাষায় দক্ষতা বাড়াতে কি অ্যালকোহল সাহায্য করে? গরুর শরীরে জেব্রার মতো ডোরাকাটা দাগ আঁকলে কি মাছি দূরে থাকে? এই ধরনের অদ্ভুত গবেষণার জন্য এ বছর দেওয়া হয়েছে আইজি (অনেকে ইগ উচ্চারণ করেন) নোবেল পুরস্কার। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫ সালের আইজি নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অদ্ভুত সব গবেষণা ও আবিষ্কারের জন্য প্রতিবছর সত্যিকারের নোবেল পুরস্কার প্রদানের আগে এই আইজি নোবেল পুরস্কার দেওয়া হয়। বরাবরের মতো এবারও অদ্ভুত সব আবিষ্কার ও গবেষণার জন্য আইজি নোবেল দেওয়া হয়েছে। আইজি নোবেল পুরস্কারের মাধ্যমে সাধারণত এমন সব অর্জনকে সম্মান জানানো হয়, যা প্রথমে মানুষকে হাসায় ও তারপর ভাবতে বাধ্য করে। ১৯৯১ সাল থেকে নোবেল পুরস্কারের প্যারোডি হিসেবে আইজি নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে।

জেব্রার মতো ডোরাকাটা দাগ আঁকা গরুগুলো কামড়ানো মাছিকে এড়াতে পারে কি না—গবেষণার জন্য এ বছর জীববিজ্ঞান বিভাগ থেকে আইজি নোবেল পুরস্কার পেয়েছেন তোমোকি কোজিমা, কাজাতো ওইশি, ইয়াসুশি মাতসুবারা, ইউকি উচিয়ামা, ইয়োশিহিকো ফুকুশিমা, নাওতো আওকি, সেয় সাটো, তাতসুয়াকি মাসুদা, জুনিচি উয়েদা, হিরোয়ুকি হিরুওকা ও ক্যাটসুতোশি কিনো। বিজ্ঞানীরা দেখেছেন, মাছিরা জেব্রাকে বিরক্ত করে না। গবেষণার জন্য জাপানের আইচি কৃষি গবেষণাকেন্দ্রের ছয়টি গর্ভবতী কালো গরুর শরীরে জেব্রার মতো ডোরাকাটা দাগ আঁকা হয়। গবেষণায় দেখা যায়, জেব্রার মতো ডোরাকাটা দাগ আঁকা গরুর শরীরে মাছি উল্লেখযোগ্যভাবে কম ছিল। বিজ্ঞানীরা মনে করছেন, এর পেছনে উজ্জ্বলতা বা পোলারাইজড আলোর কোনো সম্পর্ক থাকতে পারে।

শুধু টেনফল (টেফলন) খেলে খাবারের পরিমাণ ও তৃপ্তি বৃদ্ধি পায় কি না, তা গবেষণা করে এ বছর রসায়নে আইজি নোবেল পুরস্কার পেয়েছেন রোটেম নাফতালোভিচ, ড্যানিয়েল নাফতালোভিচ ও ফ্রাঙ্ক গ্রিনওয়ে। ডায়েট সোডা ও অন্যান্য জিরো–ক্যালরির পানীয় আধুনিক খাদ্যাভ্যাসের একটি প্রধান অংশ। এসবে কৃত্রিম মিষ্টি ব্যবহার করা হয়, যার অণু মানবদেহ বিপাক করতে পারে। বিজ্ঞানীরা জিরো–ক্যালরি খাবারের ধারণা নিয়ে কাজ করছেন। ক্যালরি না বাড়িয়েও খাবারের পরিমাণ ও ভর বাড়িয়ে তৃপ্তি দিতে পারে বলে এমন পরীক্ষা করেন তাঁরা। এ জন্য পলিটেট্রাফ্লুরোইথিলিন (পিটিএফই) বা সাধারণ টেফলনে তৈরি ননস্টিক রান্নার পাত্র বেশ কাজের। টেফলন নিষ্ক্রিয়, তাপ প্রতিরোধী, পাকস্থলীর অ্যাসিডের জন্য অভেদ্য, স্বাদহীন, সাশ্রয়ী ও সহজে গুঁড়া আকারে পাওয়া যায় খাবারের সঙ্গে মেশানোর জন্য। বিজ্ঞানীরা তিনটি খাদ্য অংশের সঙ্গে এক ভাগ টেফলন গুঁড়া মেশানোর পরামর্শ দেন। সাধারণ মানুষের কাছে এটি একটি ভয়ংকর আইডিয়া মনে হতে পারে। বিজ্ঞানীরা তাঁদের গবেষণাপত্রে টেফলনের নিরাপত্তা সম্পর্কে অনেক বৈজ্ঞানিক গবেষণার উদাহরণ দিয়েছেন। টেফলন খেলে ইঁদুরের কোনো ক্ষতি হয় না বলে জানান বিজ্ঞানীরা।

পাস্তা সসের বৈজ্ঞানিক রহস্য নিয়ে গবেষণার জন্য এ বছর পদার্থবিজ্ঞানে আইজি নোবেল পেয়েছেন গিয়াকোমো বার্তোলুচ্চি, ড্যানিয়েল মারিয়া বুসিলো, মাত্তেও সিয়ার্চি, আলবার্তো কর্টিসেলি, ইভান ডি টেরলিজি, ফ্যাব্রিজিও ওলমেদা, ডেভিড রেভিগনাস ও ভিনসেঞ্জো মারিয়া শিমেন্টি। পাস্তা আলা ক্যাসিও ই পেপে খাবার বেশ জনপ্রিয়। এটিতে টোনরেলি পাস্তা, পেকোরিনো পনির ও গোলমরিচ থাকে। খাবারটি সরল হলেও খাবারটি তৈরি করতে অনেক কসরত করতে হয়। খাবার তৈরির সময় সস খুব সহজে দলা পাকিয়ে যায় বলে অরুচিকর উপাদান তৈরি হয়। ইতালীয় পদার্থবিদেরা অনেক বৈজ্ঞানিক পরীক্ষার ওপর ভিত্তি করে একটি নির্ভুল রেসিপি তৈরি করেছেন। এই রেসিপি ফিজিকস অব ফ্লুইডস জার্নালে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা যে কৌশল তৈরি করেছেন, সেখানে পনির ও গোলমরিচের সসের জন্য কর্ন স্টার্চ ব্যবহার করেন।

গবেষক বিকাশ কুমার ও সার্থক মিত্তাল এ বছর ইঞ্জিনিয়ারিং ডিজাইন বিভাগে আইজি নোবেল পুরস্কার পেয়েছেন। একটি ইঞ্জিনিয়ারিং ডিজাইনের দৃষ্টিকোণ থেকে তাঁরা দুর্গন্ধযুক্ত জুতার র‍্যাকের সমস্যার সমাধান করেছেন। ভারতের উত্তর প্রদেশের শিব নাদার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বৈশ্বিক এই সমস্যার সমাধান করেছেন। গবেষকেরা ১৪৯ জন প্রথম বর্ষের শিক্ষার্থীকে নিয়ে গবেষণা করেন। বিজ্ঞানীরা দুর্গন্ধ দূরকারী হিসেবে ব্যাকটেরিয়ানাশক ইউভি রশ্মি ব্যবহারের বিশেষ একটি কৌশল আবিষ্কার করেন। দুই থেকে তিন মিনিটের মধ্যে গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে এই প্রযুক্তি।

এভিয়েশন বিভাগে আইজি নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সিসকো সানচেজ, মারিয়ানা মেলকন, কারমি কোরিন ও বেরি পিনশো। অ্যালকোহল পান করলে বাদুড়ের ওড়ার ক্ষমতা ও প্রতিধ্বনিতরঙ্গ ব্যবহার করে পথ খোঁজার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় কি না, তা জানার চেষ্টা করেছেন তাঁরা। প্রকৃতিতে প্রাকৃতিকভাবে ইথানল পাওয়া যায়। পাকা ফল থেকে ও বিভিন্ন অণুজীব ও প্রাণী থেকে ইথানল পাওয়া যায়। কিছু স্তন্যপায়ী, পাখি ও পোকামাকড় ইথানলসমৃদ্ধ ফল খেয়ে নেশাগ্রস্ত হয়। এতে বেশি করে শিকারির ঝুঁকিতে থাকে তারা। বিজ্ঞানীরা দেখেছেন, মিসরীয় ফল খাওয়া বাদুড়ের ওপর ইথানলের প্রভাব আছে। পরীক্ষায় দেখা যায়, বিভিন্ন বাদুড় সবচেয়ে বেশি ইথানলযুক্ত তরল খাবার খেলে উড়তে বেশি সময় নেয়।

মনোবিজ্ঞান বিভাগে আইজি নোবেল পুরস্কার পেয়েছেন মারসিন জাজেনকোস্কি ও জিলস জিগনাক। যখন কেউ নার্সিসিস্টদের বা অন্য কাউকে বুদ্ধিমান বলেন, তখন যা ঘটে, তা জানার চেষ্টা করেছেন তাঁরা। বিজ্ঞানীরা মনে করেন, সব নার্সিসিস্ট সমান হয় না। কিছু দুর্বল নার্সিসিস্ট থাকে, যারা সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকে, তাদের আত্মবিশ্বাস কম। তারা নেতিবাচক আবেগপ্রবণ হয়। আবার কিছু শক্তিশালী নার্সিসিস্ট থাকে, যারা সামাজিক সাহসিকতা ও উচ্চ আত্মবিশ্বাস প্রদর্শন করে। প্রচলিত ধারণা হচ্ছে, অতি–আত্মবিশ্বাস নার্সিসিজম থেকে আসে। বিজ্ঞানীরা এ বিষয়টি গবেষণা করেন। গবেষণায় ৩৬১ অংশগ্রহণকারী অংশ নেন।

পুষ্টি বিভাগে ড্যানিয়েল ডেন্ডি, গ্যাব্রিয়েল এইচ সেগনিয়াবেটো, রজার মিক ও লুকা লুইজেলি আইজি নোবেল পুরস্কার পেয়েছেন। বিজ্ঞানীরা দেখছেন, একধরনের টিকটিকি পিৎজার কিছু নির্দিষ্ট টপিং খেতে পছন্দ করে। পশ্চিম আফ্রিকায় টিকটিকি মানুষের কাছাকাছি থাকার কারণে সবকিছু খায়। রুটি সেখানকার টিকটিকিদের একটি বিশেষ প্রিয় খাবার। টিকটিকিদের বিশেষ পনির পিৎজা চুরি করতে দেখেন তাঁরা। পরীক্ষায় ৯টি নির্দিষ্ট টিকটিকির আচরণ পর্যবেক্ষণ করা হয়। বিজ্ঞানীরা মনে করেন, কিছু রাসায়নিক সংকেত থাকতে পারে, যার কারণে টিকটিকি পনিরযুক্ত পিৎজার প্রতি আকৃষ্ট হয়।

পেডিয়াট্রিকস বিভাগে আইজি নোবেল পুরস্কার পেয়েছেন জুলি মেনেলা ও গ্যারি বিউচ্যাম্প। রসুন খেলে মায়ের বুকের দুধের গন্ধ পরিবর্তিত হয় কি না এবং স্তন্যপানের সময় শিশু কেমন অনুভব করে, তা নিয়ে গবেষণা করেছেন তাঁরা। গবেষণায় দেখা যায়, মায়ের দুধের গন্ধে রসুনের মতো থাকলে শিশুরা বেশি পরিমাণে স্তন্যপান করে।

প্রয়াত উইলিয়াম বি বিন তাঁর একটি আঙুলের নখের বৃদ্ধির হার একটানা ৩৫ বছর ধরে রেকর্ড করেছিলেন। নখ বৃদ্ধির হারের তথ্য নিয়মিত সংগ্রহ করায় তাঁকে এ বছর সাহিত্য বিভাগে আইজি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। উইলিয়াম বি বিন লিখেছেন, নখ একটি ধীর গতিশীল কেরাটিন কাইমোগ্রাফ সরবরাহ করে। নখ বয়সের হিসাব পরিমাপ করে। তিনি তাঁর পর্যবেক্ষণে মধ্যযুগীয় জ্যোতিষশাস্ত্র, জেমস বসওয়েল ও মবি ডিকের মতো বড় সাহিত্যকে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন।

এ বছর শান্তির জন্য আইজি নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রিৎজ রেনার, ইঙ্গে কের্সবার্গেন, ম্যাট ফিল্ড ও জেসিকা ওয়ার্থম্যান। অ্যালকোহল পান করলে বিদেশি ভাষায় কথা বলার ক্ষমতা বৃদ্ধির ওপর গবেষণা করেন তাঁরা। নেদারল্যান্ডসের মায়েস্ট্রিক্ট বিশ্ববিদ্যালয়ের ৫০ জার্মানভাষী আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীর ওপর এই গবেষণা চালানো হয়। অ্যালকোহল পান করলে বিদেশি ভাষায় কথা বলার ক্ষমতা কখনো কখনো উন্নত হয় বলে জানান তাঁরা।

সূত্র: আরসটেকনিকা

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin