অর্থনীতির মূল লক্ষ্য হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি: বাণিজ্য উপদেষ্টা

অর্থনীতির মূল লক্ষ্য হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন ,আমাদের অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা। আমরা ৪০০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ। তা সত্ত্বেও কেন আমরা উদ্বৃত্ত হতে পারছি না? সম্পদের পর্যাপ্ততা বিবেচনা না করেই যদি আমরা অতিরিক্ত ব্যয় করি, তখন তো উদ্বৃত্ত আসবে না। নিজস্ব সক্ষমতায় ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করে শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার এডিসন প্রাইম ভবনে ‘রোড টু মেড ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ার ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করে এগিয়ে যেতে হবে। পলিসি সাপোর্ট দিয়ে বেশি দূর যাওয়া সম্ভব না। আমাদের দেশে গার্মেন্টস সেক্টর ছাড়া অন্য কোনও সেক্টর পলিসি সাপোর্ট নিয়ে কিছুই করতে পারেনি।

তিনি বলেন, স্বাধীনতার আগে আমাদের শিল্পের যে বৈশিষ্ট্য ছিল, এখন তা নেই। আগে এখানে বিশ্বের বিভিন্ন দেশের ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল। এখন সেটি নেই। আমরা স্বাধীনতার পর সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. এমদাদ উল্লাহ মিয়ান, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি এ কে আজাদ, বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী এবং ঢাকা চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ।

দুদিনব্যাপী এ প্রদর্শনীতে দেশি-বিদেশি উদ্যোক্তা, নীতি-নির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত এ মেলায় সহযোগিতা করছে বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ।

পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অ্যাগ্রো মেশিনারি ফেয়ারে বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। 

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin