চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সপ্তাহে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া দল। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ে অপরাজিত অর্ধশতক করেছিলেন।
নেটে বোলিংয়ের সময় হাতে আঘাত পান ম্যাক্সওয়েল। চোট এতটাই গুরুতর যে ম্যাক্সওয়েলকে দেশে ফিরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
তার বদলে দলে ডাক পেয়েছেন জশ ফিলিপ। ব্যাটার ও উইকেটকিপার ফিলিপ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ধারাবাহিক রান সংগ্রাহক হিসেবে পরিচিত। সম্প্রতি ভারতের মাটিতে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়েও সিরিজসেরা হয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তিন ম্যাচই অনুষ্ঠিত হবে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে—আগামী বুধবার, শুক্রবার ও শনিবার।