পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার ভোর চারটার দিকে ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে গেছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি গতকাল রোববার রাত সাড়ে ১১ টায় ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়। আজ ভোর চারটার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের অনেক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে নেমে যান। পরে ভাঙ্গুড়া থানা–পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন।
প্রায় তিন ঘণ্টা পর সকাল সাতটার দিকে বগি উদ্ধারের কাজ শুরু হয়। ভাঙ্গুড়া বরাল ব্রিজ রেলস্টেশনের বুকিং সহকারী শফিউল ইসলাম সকাল সাড়ে নয়টার দিকে বলেন, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আজ ভোর চারটার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ আছে । পুলিশ যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে।