ভারতের বিপক্ষে করমর্দন ইস্যুতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ওপর ক্ষুব্ধ পাকিস্তান। তারা এশিয়া কাপ থেকে পাইক্রফটকে সরানোর দাবি করেছে। পুরো টুর্নামেন্ট থেকে না হলেও পাকিস্তানের বাকি ম্যাচগুলো থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জিও নিউজ। ফলে বুধবার সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান ম্যাচে জিম্বাবুইয়ান রেফারিকে দেখা যাবে না!
এই বিষয়ে সংশ্লিষ্ট একজন জিও নিউজকে বলেছেন, ‘রেফারি অপসারণের পর আমিরাতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।’ প্রতিবাদে এরই মধ্যে বাতিল করা হয়েছে পাকিস্তান দলের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনও।
অবশ্য এরপরেও চলমান টুর্নামেন্টে পাকিস্তানের ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।
পিসিবির মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, এখনো এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানো নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার ভাষায়, ‘আলোচনা চলছে। বুধবারই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যে সিদ্ধান্তই হবে, তা পাকিস্তানের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়েই নেওয়া হবে।’
এর আগে পিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অভিযোগ জমা দেয়। অভিযোগে বলা হয়, পাকিস্তান ও ভারতের মধ্যকার এশিয়া কাপ ম্যাচে টসের আগে দুই দলের অধিনায়ককে হাত মেলাতে নিষেধ করেছিলেন পাইক্রফট। ক্রিকেটের চেতনা বিরোধী।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ম্যাচ শেষে দুই দলের মধ্যে প্রচলিত সৌজন্যমূলক করমর্দনও হয়নি।
জিও নিউজকে জানানো হয়, পাকিস্তানের দাবি মানা না হলে তারা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করছে!