পাকিস্তানকে আর নিজেদের ‘রাইভাল’ ভাবেন না সূর্যকুমার

পাকিস্তানকে আর নিজেদের ‘রাইভাল’ ভাবেন না সূর্যকুমার

এশিয়া কাপের ইতিহাসে ভারত-পাকিস্তান লড়াই সবসময়ই ভক্তদের কাছে রোমাঞ্চের প্রতীক। তবে সাম্প্রতিক সময়ে চিত্রটা বদলে গেছে।

চলমান এশিয়া কাপে দুই দফায় মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বীরা, আর দুইবারই জয় আসে ভারতের ঘরে। গ্রুপ পর্বে একপেশে জয়ের পর সুপার ফোরেও নিজেদের আধিপত্য ধরে রাখে সূর্যকুমার যাদবের দল। গতকাল সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে প্রথমে নেমে কয়েক দফা ধাক্কা খেলেও সাহিবজাদা ফারহানের ৪৫ বলে ৫৮ রানে ভর করে ১৭১ রান তুলেছিল সালমান আলি আগার দল। কিন্তু সেই সংগ্রহ ভারতের বিপক্ষে যথেষ্ট হয়নি।

রান তাড়ায় নেমে ঝড়ো শুরু করে ভারত। অভিষেক শর্মা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে সূচনা করেন। তার সঙ্গে শুভমান গিল মিলে গড়েন রেকর্ড ১০৫ রানের উদ্বোধনী জুটি। যদিও পরপর দুই উইকেট পড়ে কিছুটা চাপে পড়ে ভারত, তবে তিলক ভার্মা আর হার্দিক পান্ডিয়া জুটি গড়ে সহজেই ম্যাচ শেষ করে দেন। শেষ পর্যন্ত ৬ উইকেটে জয় তুলে নেয় ভারত।

এই জয়ের পর ভারতীয় তারকা সূর্যকুমার যাদব মুখ খোলেন আলোচিত প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘আমি মনে করি এখন এই ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন তোলাই ঠিক নয়। যদি দুই দল ১৫-২০ ম্যাচ খেলে আর ফলাফল দাঁড়ায় ৭-৭ বা ৮-৭, তখনই সেটিকে প্রতিদ্বন্দ্বিতা বলা যায়। কিন্তু যদি ১৩-০ কিংবা ১০-১ হয়, তাহলে একে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা বলবেন? আমরা ব্যাটিং-বোলিংয়ে ওদের চেয়ে ভালো খেলছি। ’

তার এই বক্তব্য ক্রিকেট বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একসময়কার হাড্ডাহাড্ডি লড়াই এখন ভারতীয় আধিপত্যে অনেকটাই ম্লান হয়ে পড়েছে, আর পাকিস্তান খুঁজে ফিরছে পুরনো দিনের ধার।

আরইউ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin