শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকস্থলিতে ৬ হাজার ৩৭৮ পিজ ইয়াবাসহ গ্রেফতার পান্নু হাওলাদারের (৩০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২ নভেম্বর) এ আদেশ দেন মহানগর হাকিম আরিফুর রহমান। প্রসিকিউশন বিভাগের এসআই বখতিয়ার খালেদ এ তথ্য জানান।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে শনিবার (১ নভেম্বর) গ্রেফতার হওয়া পান্নু হাওলাদার বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে শনিবার রাতে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-পরিদর্শক (এসআই) কিংকর লাল মন্ডল।
আজ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন বিমানবন্দর থানার এসআই তানভীর আহমেদ ছিদ্দীকী। আসামির পক্ষে অ্যাডভোকেট মো. আতিকুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আসমির দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে এপিবিএন বলছে, পান্নু ইউএস বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে (বিএস-১৪২) কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা বহন করছে বলে গোপন সংবাদ ছিল। এর ভিত্তিতে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদে পান্নু পাকস্থলিতে ইয়াবা বহন করছেন বলে জানান। বিমানবন্দরের চিকিৎসকরা পরীক্ষা করে তার পেটে প্রচুর ডিম্বাকৃতির বস্তু থাকার তথ্য দেন। পরে পান্নুকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে পায়ুপথ দিয়ে স্কচটেপ মোড়ানো অবস্থায় ১৩৬টি পোটলা বের করা হয়। সেগুলো খুলে ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এপিবিএনের দাবি, পান্নু দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও বহনের সঙ্গে জড়িত।