পাসপোর্ট ভেরিফিকেশনের নাম করে তুর্কি নাগরিককে হুমকি, গ্রেপ্তার ১

পাসপোর্ট ভেরিফিকেশনের নাম করে তুর্কি নাগরিককে হুমকি, গ্রেপ্তার ১

রাজধানীর গুলশানে তুর্কি নাগরিক সেরকান আকমানকে গোয়েন্দা বাহিনীর পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করার অভিযোগে রুবেল হোসেন নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর পূর্ব কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

সেরকান আকমান তুর্কিশ এয়ারলাইন্সের স্টেশন মাস্টার হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত। তিনি গুলশান-২-এর ৫৫ নম্বর রোডের একটি বাড়িতে বসবাস করেন। গত ৩১ আগস্ট সকালে কর্মস্থলে যাওয়ার প্রস্তুতিকালে তার মোবাইলে নিজেকে গোয়েন্দা বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে একটি কল আসে।

অভিযোগে বলা হয়, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি নিজেকে গুলশান জোনের একটি গোয়েন্দা বাহিনীর এডি পরিচয় দিয়ে পাসপোর্ট ভেরিফিকেশনের কথা বলেন। এ সময় সেরকানের জন্ম তারিখ ও পাসপোর্টের তথ্য মিলিয়ে নিয়ে তাকে জানানো হয়, ভেরিফিকেশন সম্পন্ন করতে হলে পাঁচ হাজার টাকা দিতে হবে। টাকা না দিলে প্রক্রিয়া আটকে দিয়ে এক লাখ টাকা দাবি করা হবে বলে হুমকি দেওয়া হয়।

পরে ভুক্তভোগী সেরকান আকমান বাংলাদেশে অবস্থানরত তুর্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের মাধ্যমে গুলশান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গুলশান থানায় মামলা (নম্বর-৪৩) হয়। এর পর পুলিশ তদন্তে নামে এবং মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুবেল হোসেনকে গ্রেপ্তার করে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। অভিযানের সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত সিমকার্ড ও বিভিন্ন পাসপোর্টের তথ্যসংবলিত তিনটি কাগজ উদ্ধার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি গোয়েন্দা বাহিনীর পরিচয় দিয়ে বিদেশি নাগরিককে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হয়েছিল। গ্রেপ্তারের পর তার কাছে পাওয়া বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

এজেডএস/আরবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin