পাউবোর প্রধান প্রকৌশলীর মেয়ের বিদেশ যাওয়ার অনুমতি মেলেনি

পাউবোর প্রধান প্রকৌশলীর মেয়ের বিদেশ যাওয়ার অনুমতি মেলেনি

চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পাননি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলী আরিফ মোস্তফার মেয়ে সুবর্ণা মোস্তফা।

 মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আবেদনটি নাকচ করেন।

এর আগে সুবর্ণা মোস্তফার পক্ষে ব্যারিস্টার কাজী মারুফুল আলম বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী বিদেশ গমনের বিরোধিতা করেন। পরে আদালত আবেদনটি নাকচ করে দেন।

আবেদনে বলা হয়, সুবর্ণা মোস্তফার বাবা আরিফ মোস্তফার বিরুদ্ধে দুদকের মামলার অভিযোগ রয়েছে। কিন্তু তিনি পরিবারসহ আলাদা থাকেন। দুদক যেসব অভিযোগের কথা বলেছে, এর সঙ্গে তার কোনও সংশ্লিষ্টতা নেই। তার তিনটি সন্তান রয়েছে। অভিযোগকারীরা এ মামলায় মিথ্যা ও অন্যায়ভাবে তাকে যুক্ত করেছে। তিনি লিভারের টিউমার, তলপেটের টিউমার, হেপাটাইটিস বি রোগে আক্রান্ত। জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে নেওয়া প্রয়োজন। আপনার কাছে ন্যায়বিচার চাচ্ছি।

দেলোয়ার জাহান শুনানিতে বলেন, আরিফ মোস্তফার বিরুদ্ধে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বিভিন্ন প্রকল্পে ‘দুর্নীতির’ অর্থ দিয়ে তার স্ত্রী তাহেরা মোস্তফার নামে খুলনার বিভিন্ন মৌজায় শত শত বিঘা জমি কিনেছেন। খুলনা শহরে একাধিক বাড়ি করেছেন, বিভিন্ন কোম্পানিতে শত শত কোটি টাকা বিনিয়োগ করে শেয়ার কিনেছেন। কোম্পানির মাধ্যমে নিজ কার্যালয়সহ বিভিন্ন দফতরের টেন্ডারে অংশ নিয়ে ‘অনৈতিক প্রভাব খাটিয়ে কাজ বাগিয়ে নিয়ে শত শত কোটি টাকার অবৈধ’ সম্পদ গড়ে তুলেছেন। আরিফ মোস্তফা খুলনা শহরে ষষ্ঠ তলা বাড়ি, গুলশান-২ ও ধানমন্ডিতে একাধিক ফ্ল্যাট, নিজ এলাকায় ৫০ বিঘা জমি, স্ত্রীর নামে খুলনায় ১০০ বিঘা জমি, স্ত্রী ও ভাই-বোনদের নামে বিভিন্ন ব্যাংকে সঞ্চয়পত্র ও এফডিআর কিনেছেন। এছাড়া বিপুল স্বর্ণ কেনাসহ তার বিরুদ্ধে বিভিন্ন ‘অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। এসব অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে তার পরিবারও যুক্ত রয়েছে। তার মেয়ে বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ মে পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী আরিফ মোস্তফা, তার স্ত্রী তাহেরা মোস্তফা, মেয়ে সুবর্ণা মোস্তফা ও ছেলে তাইফ মোস্তফার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন। পরে ওই দিন আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin