উপসহকারী কৃষি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় ‘প্রক্সি’ পরীক্ষার্থী শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ (৬ অক্টোবর ২০২৫) উপসহকারী কৃষি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় দুজন প্রক্সি (চাকরিপ্রার্থীর পরীক্ষা দেন আরেকজন) পরীক্ষার্থীকে আটক করা হয়। ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে প্রকৃত পরীক্ষার্থী রাশেদ আলম রায়হান, যাঁর রেজিস্ট্রেশন নম্বর-০০২১৮৮, এর বদলি পরীক্ষা দিতে এসেছেন সিদ্ধান্ত সরকার, জেলা বগুড়া। শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়ে প্রকৃত পরীক্ষার্থী নৃপেন বিশ্বাস, যাঁর রেজিস্ট্রেশন নম্বর ০০৩০২০, এর বদলি পরীক্ষা দিতে এসেছেন দিপংকর বালা, জেলা গোপালগঞ্জ—এ দুজনকে আটক করা হয়েছে। তা ছাড়া ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে আরেকজন পরীক্ষার্থী কিশোর বাড়ৈ, রেজিস্ট্রেশন নম্বর ০০০৪৯৪, মোবাইলে প্রশ্নের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করলে তাঁকেও আটক করা হয়। তাঁদের সবার বিরুদ্ধে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন-২০২৩ অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।