পিসিবির দাবি নাকচ আইসিসির, আমিরাত ম্যাচ কি বর্জন করবে পাকিস্তান

পিসিবির দাবি নাকচ আইসিসির, আমিরাত ম্যাচ কি বর্জন করবে পাকিস্তান

এশিয়া কাপে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে বদলাতে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি এ দাবি আনুষ্ঠানিকভাবে নাকচ করে দিয়েছে। পিসিবিকে কাল রাতে আইসিসি এ সিদ্ধান্ত জানিয়েছে বলে খবর ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের।

তবে পিসিবির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছিল ক্রিকবাজের পক্ষ থেকে। আইসিসির যোগাযোগের বিষয়টি সংবাদমাধ্যমটির কাছে অস্বীকার করেছে পিসিবি।

ক্রিকবাজের খবরে জানানো হয়, আইসিসির অপারেশনস কিংবা আইনি বিভাগ থেকে পিসিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইসিসির পক্ষ থেকে চিঠিতে পিসিবিকে জানানো হয়, ভারত-পাকিস্তান ম্যাচে হাত না মেলানো বিতর্কে পাইক্রফটের কোনো ভূমিকা নেই।

পিসিবি অভিযোগ করেছিল, পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে পাইক্রফট নাকি টসের সময় ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাতে বারণ করেছিলেন। তবে আইসিসি জানিয়েছে, মাঠে থাকা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তারাই পাইক্রফটকে জানিয়েছিলেন, টসে দুই দলের অধিনায়ক হাত মেলাবেন না। চিঠিতে স্পষ্ট করা হয়েছে, পাইক্রফট ভারতীয় দলের পক্ষ নিয়ে কিছু করেননি।

দুবাইয়ে পরশু রাতে পাকিস্তানের ১২৭ রান তাড়া করতে নেমে ভারত ৭ উইকেটে জিতেছে মাত্র ১৫.৫ ওভারে। শুধু টসের সময় নয়, ম্যাচ শেষেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের কেউ। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ছক্কা মেরে ম্যাচ শেষ করতেই তাঁর দলের খেলোয়াড়েরা সোজা ঢুকে যান ড্রেসিংরুমে। পাকিস্তানের খেলোয়াড়েরা তখন হাত মেলানোর জন্য দাঁড়িয়ে ছিলেন মাঠে।

পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, ভারতের ড্রেসিংরুমের বাইরে দাঁড়িয়ে থাকা পাকিস্তানিদের সঙ্গে দেখা করতেও বের হননি কেউ। এরপর পাকিস্তান অধিনায়ক সালমান আগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পিসিবি ও এসিসি প্রধান মহসিন নাকভি এ নিয়ে দুটি পোস্ট করেন। এই পোস্টে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করা অ্যান্ডি পাইক্রফটকে অবিলম্বে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন নাকভি।

একটি পোস্টে নাকভি দাবি করেন, ‘আইসিসির আচরণবিধি আর এমসিসির “স্পিরিট অব ক্রিকেট” আইনের লঙ্ঘন হয়েছে ম্যাচ রেফারির পক্ষ থেকে। এ নিয়ে আইসিসির কাছে অভিযোগ জমা দিয়েছে পিসিবি। আমরা চাই, এশিয়া কাপ থেকে তাঁকে অবিলম্বে সরিয়ে দেওয়া হোক।’

এশিয়া কাপে আগামীকাল দুবাইয়ে আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান। এ ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন পাইক্রফট। পিসিবির পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, জিম্বাবুইয়ান পাইক্রফটকে না বদলালে ম্যাচটি খেলবে না পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান কি তাহলে এ ম্যাচ বর্জন করবে?

Comments

0 total

Be the first to comment.

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা Prothomalo | ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬...

Sep 13, 2025

More from this User

View all posts by admin