বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে ইন্টারপোলে নোটিশ পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
মঙ্গলবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তামিম বলেন, ট্রাইব্যুনালের ইতিহাসে এ প্রথম এমন কম্পেনসেশনের রায় দেওয়া হয়েছে। এখন এ রায়ের কপি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে গেলে তারা সিদ্ধান্ত নেবেন যে এর কোন অংশ কীভাবে কার্যকর করবেন। তবে পলাতক দুই আসামির বিরুদ্ধে আগেই একটি গ্রেফতারি পরোয়ানাসহ রেড নোটিশ জারির আবেদন করা আছে। এখন গ্রেফতারি পরোয়ানার বদলে কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে ইন্টারপোলে আরেকটি নোটিশ জারির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হবে। তাদের মাধ্যমে এটা ইন্টারপোলে যাবে। এ নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে প্রসিকিউশন।
তিনি বলেন, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় ঘোষণা হয়েছে সোমবার। এ রায়ের একটি সার্টিফাইড কপি পাবে প্রসিকিউশন। গ্রেফতার আসামিও পাবেন। এ ছাড়া পলাতকরা যদি ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ বা গ্রেফতার হন তাহলে তারাও একটি কপি পাবেন বিনামূল্য। এটার কার্যকারিতার জন্য এ রায় রায়ের আরেকটি কপি জেলা ম্যাজিস্ট্রেট তথা ঢাকার জেলা প্রশাসকের কাছে যাবে। এসব রায়ের শেষে উল্লেখ রয়েছে।
কবে নাগাদ রায়ের কপি যাবে জানতে চাইলে প্রসিকিউটর তামিম বলেন, সোমবার রায় দেওয়া হয়েছে। এখন এ রায়ের কিছু অফিসিয়াল কার্যক্রম রয়েছে। সেসব সম্পন্ন হলেই যথাযথ কর্তৃপক্ষের কাছে চলে যাবে।
এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরি আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।