বয়সসীমা বাড়ানো, বিশেষ নিয়োগের ব্যবস্থা ও স্বতন্ত্র কোটা পুনর্বহালসহ পাঁচ দফা দাবিতে প্রতিবন্ধী শিক্ষিত বেকারদের চলমান আন্দোলন বৃহস্পতিবার পঞ্চম দিনে গড়িয়েছে। এ দিন তারা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে প্রতীকী পদযাত্রা করেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের ব্যানারে এই পদযাত্রা হয়।
পদযাত্রা শাহবাগ পৌঁছালে পুলিশ তাদের পথরোধ করে। এরপর আন্দোলনকারীরা সেখানে তিন ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
পরিষদের পক্ষ থেকে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ নিয়োগে নির্বাহী আদেশ জারি, সরকারি চাকরিতে একটি নির্দিষ্ট কোটা সংরক্ষণ, স্ক্রাইব (নোট-টেকার) নীতিমালা সংশোধন, সমাজসেবা অধিদফতরে দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করা।
শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালে সংগঠনের আহ্বায়ক পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৩টার দিকে শাহবাগে তারা প্রতীকীভাবে ‘গোল্ডেন সিটিজেন কার্ড’ পুড়িয়ে প্রতিবাদ জানাবেন- যে পরিচয়পত্র সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের দিয়েছে।”
বিকাল ৩টার দিকে আন্দোলনকারীরা আবার রাজু ভাস্কর্যে ফিরে গিয়ে তাদের চলমান অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।
একজন আন্দোলনকারী বলেন, ‘আমরা আমাদের পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি ফিরব না। আমরা ভিক্ষুক নই, আমরা গ্র্যাজুয়েট- চাকরি আমাদের অধিকার, দয়া নয়।’