পোস্টে ‘হাহা’ দেওয়ায় শিক্ষার্থীকে শাসালেন ছাত্রদলের ভিপি প্রার্থী

পোস্টে ‘হাহা’ দেওয়ায় শিক্ষার্থীকে শাসালেন ছাত্রদলের ভিপি প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে সোহরাওয়ার্দী হলে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী জমাদিউল আউয়াল সুজাতের ফেসবুক পোস্টে ‌‘হাহা’ রিঅ্যাক্ট দেওয়ায় তার বিরুদ্ধে এক শিক্ষার্থীকে শাসানো ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় আরবি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আলী আহসান মুজাহিদ তার ফেসবুক পোস্টে এ কথা জানান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আজকে সত্যি অবাক হয়েছি! সোহরাওয়ার্দী হলের ভিপি প্রার্থী জমাদিউল আওয়াল সুজাত ভাই শুধু একটা হাহা রিঅ্যাক্ট দেওয়ার কারণে আমাকে আটকিয়ে তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে আমাকে শাসিয়েছেন। একটা ইমোজি যদি সহ্য না হয়, তাহলে ভিন্নমত বা সমালোচনা কীভাবে সহ্য করবেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভয় দেখানোর জায়গা নয়, এটা মুক্তচিন্তার জায়গা। আমি কাউকে অপমান করিনি, শুধু নিজের মত প্রকাশ করেছি। ধমক নয়, সহনশীলতাই নেতৃত্বের আসল পরিচয়।’

এ বিষয়ে জানতে চাইলে আলী আহসান মুজাহিদ জাগো নিউজকে বলেন, “গত পরশু এক আপু সুজাত ভাই আর ফারাবি ভাইকে নিয়ে পোস্ট দিয়ে বলেছিলেন, সোহরাওয়ার্দী হলে ভিপি পদে কে এগিয়ে? সেখানে সমাজবিজ্ঞান অনুষদের কয়েকজন কমেন্ট করেছিল, ‘সুজাত ভাই, ২নং ব্যালটে আস্থা রাখুন’। পরে আমি এ কমেন্টের রিপ্লে দিয়েছিলাম ‘লাভ নেই, ভোট দিতে পারবে না’। এছাড়া সুজাত ভাইয়ের পোস্টারে ‘হাহা’ রিঅ্যাক্ট দিয়েছিলাম।”

“সেইদিন মাগরিবের সময় সোহরাওয়ার্দী হলের সামনে সুজাত ভাইসহ তার কয়েকজন বন্ধু আমাকে আটকিয়ে মাঝখানে রেখে ঘিরে ফেলেন। এসময় তিনি আমাকে বলেন, ‘তুমি কি আমার পোস্টে হাহা রিঅ্যাক্ট দিয়েছিলা?’ পরে তিনি আমার ঘাড়ে হাত রেখে বলেন, ‘ভবিষ্যতে যেন এরকম আর না হয়’। সামান্য একটি রিঅ্যাক্টের কারণে তিনিসহ তার বন্ধুরা আমাকে শাসিয়েছেন।”

এ বিষয়ে জমাদিউল আউয়াল সুজাত জাগো নিউজকে বলেন, ‘আমি ওই ছেলেকে চিনিই না। মুজাহিদ নামে একটা ছেলে আমার পোস্টে হাহা রিঅ্যাক্ট দিছে, সেটা আমি দেখেছি। কিন্তু তার সঙ্গে কখনো আমার দেখাও হয় নাই, কথাও হয় নাই।’

সোহেল রানা/এসআর/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin