প্রবাসজীবনের ইতি টেনে বাড়ি ফিরতে চেয়েছিলেন ইলিয়াস, ফিরল মরদেহ

প্রবাসজীবনের ইতি টেনে বাড়ি ফিরতে চেয়েছিলেন ইলিয়াস, ফিরল মরদেহ

দীর্ঘ দুই দশকের প্রবাসজীবনের ইতি টেনে বাড়ি ফিরতে চেয়েছিলেন নড়াইলের ইলিয়াস মিয়া (৫৪)। গতকাল রোববার সকাল আটটার দিকে তিনি বাড়ি ফিরেছেন। তবে জীবিত নয়, পরিবার পেয়েছে তাঁর প্রাণহীন দেহ। কুয়েতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

ইলিয়াস মিয়ার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার সুজাপুর গ্রামে। তাঁর মরদেহ বাড়িতে ফিরলে শেষবারের মতো একনজর দেখতে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। পরে গতকাল বিকেলে নিজ গ্রামে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে ২০০৪ সালে কুয়েতে যান ইলিয়াস। মাঝে দেশে এসে ঘুরে গিয়েছিলেন। তবে পরিবারকে জানিয়েছিলেন, চলতি মাসের শেষের দিকে একেবারে বাড়ি ফিরবেন। আর কখনো বিদেশে যাবেন না। সেই অনুযায়ী বাড়ি ফেরার প্রস্তুতিও নিচ্ছিলেন ইলিয়াস। ১০ সেপ্টেম্বর একটি কাজে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যান ইলিয়াস। সেখান থেকে ফেরার পথে ওই এলাকার একটি সড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় তাঁর মৃত্যু হয়। সব প্রক্রিয়া শেষে গতকাল দেশে আসে ইলিয়াসের মরদেহ।

ইলিয়াসের স্বজন খান মেজবাহ উদ্দিন বলেন, ‘ইলিয়াস দীর্ঘ ২১ বছরের মতো কুয়েতে ছিলেন। প্রবাসজীবন শেষ করে এই মাসের শেষের দিকে তাঁর দেশে আসার কথা ছিল। কিন্তু দেশে আসছে তাঁর মরদেহ। তাঁর মৃত্যুতে আমরা সবাই শোকাহত।’

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin