পরিশ্রম-সততার মাধ্যমে আদর্শ মানুষ হওয়াই ইসলামি শিক্ষার মূল লক্ষ্য

পরিশ্রম-সততার মাধ্যমে আদর্শ মানুষ হওয়াই ইসলামি শিক্ষার মূল লক্ষ্য

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেছেন, ‘আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন ও সুন্নাহর শিক্ষা কাজে লাগাতে হবে। পরিশ্রম, সততা, ধৈর্য ও সহিষ্ণুতার মাধ্যমে একজন প্রকৃত আদর্শ মানুষে পরিণত হওয়াই ইসলামি শিক্ষার মূল লক্ষ্য।’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আয়োজিত আলোচনা সভা, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত এসব কথা বলেন। বাকলিয়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য আশরাফুল আলম।

মেয়র বলেন, ‘কোরআনুল কারিম মানবতার চিরন্তন দিকনির্দেশনা। যুগে যুগে অনেক ধর্মগ্রন্থের পাঠ এসেছে, যেগুলোতে সময়ের ব্যবধানে পরিবর্তন এসেছে। কিন্তু আল কোরআনের একটি অক্ষরও পরিবর্তন হয়নি এবং কেয়ামত পর্যন্ত হবে না। তাই আমাদের শুধু কোরআন পড়লেই হবে না, বরং প্রতিটি আয়াতের মর্মবাণী বুঝে জীবনে প্রয়োগ করতে হবে।’

নামাজ ইসলামের স্তম্ভ উল্লেখ করে শাহাদাত বলেন, ‘প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুধু ধর্মীয় দায়িত্ব নয়, বরং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কল্যাণ বয়ে আনে। করোনার সময়ে আমরা যেমন শ্বাস-প্রশ্বাস ও অক্সিজেন সংকটে বিপর্যস্ত হয়েছিলাম, তেমনি নামাজ ও কোরআনের শিক্ষার অভাব জীবনে সংকট তৈরি করে।’

আরও পড়ুনসুস্বাস্থ্য নিশ্চিতে চমেক শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে: মেয়রআল্লাহর আইন প্রতিষ্ঠায় মাঠে ওলামাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবেচট্টগ্রামকে ক্লিন সিটি করতে নতুন ল্যান্ডফিল কেনা হবে

মহানবীর জীবনাদর্শের উদাহরণ টেনে মেয়র জানান, নবী ছিলেন ধৈর্য ও সহিষ্ণুতার শ্রেষ্ঠ উদাহরণ। পাথর নিক্ষেপে আহত হয়েও তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন শত্রুদের হেদায়েতের জন্য। এমনকি যারা পথে কাঁটা বিছিয়ে তাকে কষ্ট দিত, অসুস্থ হলে তিনি তাদের সেবায় ছুটে গেছেন। এর মধ্য দিয়েই প্রতিভাত হয় মহানবীর করুণা, ক্ষমাশীলতা ও মানবিকতা।

শাহাদাত বলেন, আজকের প্রজন্মকে শুধু সাধারণ শিক্ষায় নয়, বরং কোরআন-সুন্নাহর আলোয় নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। হজরত মুসা (আ.), ইব্রাহিম (আ.), ঈসা (আ.) প্রমুখ নবী-রাসুলদের জীবনী এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা অধ্যয়ন করলে প্রকৃত আদর্শ ও কর্মঠ মানুষ হওয়া সম্ভব। পরিশ্রম ও মেহনত ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মোজাহেদুল ইসলাম চৌধুরী, বিদ্যালয়ের সাবেক সভাপতি নাসির উদ্দিন, আবদুর রহিম, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত বাড়ৈ, নাছির উদ্দিন চৌধুরী নাছিম, মো. জাবেদুল হক, শফিউল বশর সাজু, সাদ্দেমুল হক প্রমুখ।

এমআরএএইচ/একিউএফ/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin