প্রশিক্ষিত কুকুরের সহায়তায় ১ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ, গ্রেফতার ৩

প্রশিক্ষিত কুকুরের সহায়তায় ১ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ, গ্রেফতার ৩

কক্সবাজার টেকনাফ সদরের ছোট হাবিবপাড়া এলাকায় একটি বসতঘর থেকে এক লাখ ৭০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‌্যাব। অভিযানে একই পরিবারের তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার র‌্যাব জানিয়েছে, সোমবার এই অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতার তিন জন হলো– ছোট হাবিবপাড়ার বাসিন্দা একরামের স্ত্রী শামীনারা বেগম (৪৬), তার ছেলে আবদুর রহিম (৩০) ও পুত্রবধূ ইসমত আরা (২৪)। এ ছাড়া অভিযানের সময় হাসান (২৪) নামে একজন পালিয়ে গেছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, পাচারের উদ্দেশ্যে ছোট হাবিবপাড়ার বসতঘরটিতে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান মজুত করা হয়েছে– এমন খবরের ভিত্তিতে র‌্যাব তল্লাশি চালায়। তবে শুরুতে মাত্র কয়েক হাজার ইয়াবা উদ্ধার হয়। পরে ঘরটিতে তল্লাশি চালানোর জন্য প্রশিক্ষিত দুটি কুকুর নিয়ে আসা হয়। পরে কুকুর দুটির সহায়তায় ঘরের একাধিক স্থানে লক্ষাধিক ইয়াবা বড়ি পাওয়া যায়।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ ম ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুটি প্রশিক্ষিত কুকুরের সহায়তায় এক লাখ ৭০ হাজার ইয়াবার চালানটি উদ্ধার করা সম্ভব হয়েছে।’

আসামিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলার পর আসামিদের আদালতে সোপর্দ করা হবে।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin