প্রথম কার্যনির্বাহী সভায় সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধি ঠিক করল ডাকসু

প্রথম কার্যনির্বাহী সভায় সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধি ঠিক করল ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম সভায় সিনেটে ডাকসুর পাঁচজন ছাত্র প্রতিনিধি ঠিক করা হয়েছে।

আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়সংলগ্ন সভাকক্ষে ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এ সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ডাকসুর কার্যক্রম শুরু হলো। উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এ সভায় সভাপতিত্ব করেন।

সভায় ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক (এজিএস) মুহা. মহিউদ্দীন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, ছাত্র পরিবহন সম্পাদক মো. আসিফ আবদুল্লাহসহ ২৭ জন নেতা উপস্থিত ছিলেন। সভায় অনুপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে ব্রিফ করেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। তিনি বলেন, সভার শুরুতে নির্বাচিত প্রতিনিধিদের ফুল দিয়ে উপাচার্য শুভেচ্ছা জানান। তাঁরাও উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তাঁরা পরস্পর পরিচিত হয়েছেন। ভিপি, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও সবশেষ ডাকসুর সভাপতি হিসেবে উপাচার্য বক্তব্য দেন সভায়। সভায় সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধি ও ডাকসুর কোষাধ্যক্ষ কে হবেন, সেটি নিয়ে আলোচনা হয়েছে, যা গেজেটের মাধ্যমে দ্রুতই প্রকাশ করা হবে।

এস এম ফরহাদ বলেন, আজ থেকে তাঁরা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন। ডাকসুতে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে যে যেই মতেরই থাকুক না কেন, সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে তাঁরা তাঁদের কণ্ঠস্বর হতে চান। নির্বাচিত প্রতিনিধিরা আগামী এক বছরে কী কী কাজ করবেন, কোন সপ্তাহে কী কাজ করবেন—সেটির পুরো পরিকল্পনা প্রস্তুত করে অল্প সময়ের মধ্যে তাঁরা কাজে নেমে পড়বেন।

এস এম ফরহাদ বলে, ডাকসুর পক্ষ থেকে সিনেটে পাঁচজন প্রতিনিধি পাঠানোর বিষয়ে আজকের সভায় আলোচনা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন প্রতিনিধি কারা হবেন, সে ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন তাঁরা। ডাকসু থেকে ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহা. মহিউদ্দীন খান, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ ও সদস্য সাবিকুন্নাহার তামান্না সিনেটে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকবেন। অল্প সময়ের মধ্যে প্রতিনিধিদের নাম গেজেট আকারে প্রকাশ হবে বলে আশা রাখছেন তাঁরা।

ছাত্র প্রতিনিধি ঠিক করার যুক্তি তুলে ধরে এস এম ফরহাদ বলেন, আগে কীভাবে এ কাজ হয়েছে, সে অভিজ্ঞতা তাঁরা জেনেছেন। সেই আলোকে প্রতিনিধি হিসেবে ভিপি, জিএস, এজিএস থাকছেন। সম্পাদকদের মধ্যে থেকে ছাত্র পরিবহন সম্পাদক ও সদস্যদের মধ্য থেকে একজন ঠিক করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বড় একটা অংশ অনাবাসিক শিক্ষার্থী। এ কারণে ছাত্র পরিবহন সম্পাদককে রাখা হয়েছে। যাতে তিনি তাঁদের সমস্যার কথাগুলো তুলে ধরতে পারেন। পাশাপাশি ছাত্রীদের সমস্যা তুলে ধরতে সাবিকুন্নাহার তামান্নাকে রাখা হয়েছে। ঐকমত্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরে ভিপি আবু সাদিক কায়েম বলেন, আজকে তাঁদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। তাঁরা বারবার বলছেন, যাঁরা নির্বাচিত হয়েছেন, কেউ নেতা নন। তাঁরা সবাই প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে তাঁদের প্রশ্ন করা। আর তাঁদের কাজ হচ্ছে তাঁরা যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো বাস্তবায়ন করা। এখানে যাঁরা আছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীর ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, একাডেমিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যেকোনো সমস্যা একজন আপন বড় ভাই বা বোন হিসেবে তাঁদের সঙ্গে শেয়ার করবেন। তাঁরা শিক্ষার্থীদের প্রতিটি সমস্যা মোকাবিলা করতে চান।

আবু সাদিক আরও বলেন, নির্বাচিত হওয়ার পর তাঁরা শিক্ষার্থীদের কাছে গিয়েছেন। তাঁদের কথা শোনার চেষ্টা করেছেন। নির্বাচনে সবাই জিতেছেন। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে। শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin