প্রতিমা বিসর্জনের সময় নদীতে পড়ে কিশোর নিখোঁজ

প্রতিমা বিসর্জনের সময় নদীতে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আত্রাই নদীর মহাদেবপুর শীবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রনজিত হাওলাদারের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিমা বিসর্জন উৎসবের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয়রা, পরিবারের সদস্য এবং বন্ধু-বান্ধবসহ অনেকে নৌকা নিয়ে আত্রাই নদীতে আনন্দ করছিলেন। রনিদের বহনকারী নৌকাটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এসময় নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয় রনি।

রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। কিন্তু দুই ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি, দ্রুতই তার সন্ধান মিলবে।

আরমান হোসেন রুমন/এসআর/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin