ভারত-পাকিস্তান দ্বৈরথ এখন অনেকটাই ‘কাজীর গরু’র মতো। কাগজে-কলমে ব্যাপক আলোচনা হলেও মাঠের খেলায় তার ছিটেফোঁটাও দেখা যায় না। যার সবশেষ উদাহরণ চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বে অনুষ্ঠেয় পাক-ভারত ম্যাচ।
ম্যাচটা একপেশে হলেও ম্যাচের পর আবার জমে ওঠে কথার লড়াই। পাশাপাশি গত কয়েকদিনে ঘটে যাওয়া নানান পরিস্থিতিতে আবারও আলোচনার তুঙ্গে উঠেছে ভারত-পাকিস্তান ম্যাচ। টুর্নামেন্টের সুপার ফোরের ম্যাচে আজ আবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুদল। তা শুধু কি মুখে, নাকি এবার মাঠেও ভারতের সঙ্গে পাল্লা দেবে পাকিস্তান? রয়েছে হ্যান্ডশেক বিতর্কও।
তবে ম্যাচ রেফারি পাইক্রফটকে নিয়েও বিতর্ক থামেনি এখনও। আগের ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় হ্যান্ডশেক না করানোর ঘটনায় তাকে সরানোর দাবি তুলেছিল পাকিস্তান। পরে আইসিসি বৈঠকের পর আপাতত সেই অধ্যায় থেমে গেলেও নতুন করে আবার তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে আজকের ম্যাচে। ফলে ম্যাচ শুরুর আগে থেকেই অদৃশ্য চাপ ও নজর থাকবে তার দিকেও।
সব মিলিয়ে আজকের ভারত-পাকিস্তান ম্যাচ শুধু মাঠের ভেতরের লড়াই নয়, বরং মাঠের বাইরের কূটনীতি, বিতর্ক, প্রতিশোধের আবেগ আর ভক্তদের তীব্র প্রত্যাশার সমাহার। পাকিস্তান প্রতিশোধের জ্বালায় উজ্জীবিত, আর ভারত চায় নিজেদের ছন্দ ধরে রাখতে। দু’দলই জানে, এই ম্যাচ শুধু পয়েন্ট টেবিলে নয়, মনস্তাত্ত্বিক লড়াইয়েও রেখে যাবে বড় প্রভাব।
সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভারত যেখানে নির্ভার, সেখানে উল্টো অবস্থানে পাকিস্তান। দেখা যাক, মাঠের বাইরের আগুনে রূপটা সালমান-শাহিন আফ্রিদিরা আজ ভারতের বিপক্ষে মাঠে টেনে নিতে পারেন কি না।
/এমএইচআর