পটিয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু

পটিয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে মামুন (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ফাহিম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। সে পটিয়ায় একটি অপহরণ মামলার প্রধান আসামি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী মামুনের মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর এলাকায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মামুন সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন। পূর্ব শত্রুতার জেরে ফাহিম ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪ টায় তার মৃত্যু হয়।

এলাকাবাসীর অভিযোগ, ফাহিম দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও অদৃশ্য কারণে তিনি ধরা-ছোঁয়ার বাইরে থেকে গেছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের পর থেকে আসামি ফাহিম পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে আছে।

নিহতের পরিবার ফাহিমের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ফাহিমের বিরুদ্ধে মামলা হয়েছিল।

এমআরএএইচ/এমএএইচ/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin