পূজায় কোনো ধরনের হামলার হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

পূজায় কোনো ধরনের হামলার হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে হবে বলে আশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। কোনো ধরনের কোনো হামলা, হুমকি নেই।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রমনা কালিমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

এ সময় তিনি এবছরের পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি, বাজেট বাড়ানো, নিরাপত্তা নিশ্চিতে অ্যাপস প্রণয়নের তথ্য তুলে ধরেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রস্তুতি কেমন, তা দেখতে আমি এখানে এসেছি। গতবারের চেয়ে এবারের পূজা আরও ভালোভাবে হবে এবং উৎসবমুখর হবে।

তিনি বলেন, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। এর পবিত্রতা বজায় রাখতে হবে। আশা করব, এবারের পূজা নির্বিঘ্নে হবে, উৎসবমুখর হবে।

উপদেষ্টা বলেন, গতবার থেকে এবার ছুটি একদিন বাড়ানো হয়েছে। পূজা মণ্ডপের সংখ্যা বাড়ানো হয়েছে। পূর্বে সরকার ২ কোটি টাকা দিত। গতবার ৪ কোটি টাকা দিয়েছে। এবার পাঁচ কোটি টাকা দিয়েছে।

এরপরও প্রয়োজন থাকলে আমরা দেখব। নিরাপত্তা নিয়ে আমরা একটি অ্যাপস খুলেছি, যেন কোথায় কী হচ্ছে, তা সঙ্গে সঙ্গে জানা যায়। পূজার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পূজা কমিটির লোক থাকবে।  

এছাড়া পুলিশ ও আনসার ২৪ ঘণ্টা অবজারভেশনে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব এস. এন. তরুণ দে বলেন, আপনারা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করবেন না। ৫ আগস্টের পর খবর হয়েছে, হাজার হাজার হিন্দু পঞ্চগড় দিয়ে ভারত চলে যাচ্ছে। আমরা সরেজমিনে গিয়ে দেখলাম, ফেইক নিউজ ছিল।

তিনি বলেন, এরপর ভাইরাল হয়েছে, দেবশ্বরী মন্দির ভেঙে ফেলা হয়েছে। আমরা গিয়ে দেখি, কিছুই হয়নি। কান্তজীর মন্দির ভেঙে ফেলা হয়েছে-সরেজমিনে আমরা গিয়েছি, দেখি কিছুই হয়নি। এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ।

রমনা কালিমন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস বলেন, আমাদের পাশের বাড়ি থেকে ঢিল আসে। ভারত থেকে শুভেন্দু বারবার বলে, হিন্দুরা শান্তিতে নেই। শান্তিতে না থাকলে পূজা পালন কীভাবে হয়? এবার ৩৩ হাজার মণ্ডপ হলো কীভাবে? শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি-আপনি এসে দেখে যান।   এফএইচ/এসআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin