রাহেলা ও সালেহার গল্প ওটিটিতে আসছে

রাহেলা ও সালেহার গল্প ওটিটিতে আসছে

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে ‘নকশিকাঁথার জমিন’ সিনেমায়। আকরাম খান পরিচালিত সিনেমাটি গত বছরের ২৭ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এবার আসছে ওটিটিতে। আইস্ক্রিন জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে তাদের প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি।

সিনেমার চিত্রনাট্যে দেখা যাবে, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দুই বোন রাহেলা ও সালেহার গল্প। যুদ্ধের সময় তাদের পরিবারের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়। নিজেদের বাড়ির মধ্যেই যেন যুদ্ধটা চলতে থাকে। যুদ্ধের পর তারা দেখতে পায় মুক্তির সংগ্রামে তাদের জীবনের সবই হারিয়ে গেছে। পরে তারা নকশিকাঁথার বুননে তাদের জীবনের সংগ্রামের আখ্যানটা নকশায় ফুটিয়ে তোলে।

এতে দুই বোনের চরিত্রে জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি কাজ করেছেন; দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির সময় নিজের চরিত্রটি নিয়ে জয়া আহসান বলেছিলেন, ‘আমার রাহেলা চরিত্রের একটা চ্যালেঞ্জ ছিল। চরিত্রটি এমন—বড় বোন রাহেলা হবে পাথরের মতো একটা মানুষ। তার কোনো অভিব্যক্তি নেই, সে কখনো কাঁদে না। রাহেলা খুশি হলেও বোঝা যাবে না, দুঃখ পেলেও বোঝার উপায় নেই। তার কোনো অনুভূতি থাকবে না।’ সিনেমাটি নিয়ে তিনি আগে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেছিলেন, ‘এই চরিত্র করতে গিয়ে আমার চ্যালেঞ্জ এটাই ছিল যে আমি কখনোই চোখের পাতা ফেলতে পারব না। শুটিংয়ে এই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হতো। আমাদের স্বভাবতই কয়েকবার করে আমরা চোখের পাতা ফেলি; কিন্তু সেটা না করাই ছিল চ্যালেঞ্জ।’

‘নকশিকাঁথার জমিন’ এর আগে ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে। এ ছাড়া ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছিল সিনেমাটি।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin