রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে গত কয়েক দিন রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে। রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় কয়কজন আহতও হয়েছেন। যা জনমনে উদ্বেগ ও আতঙ্কে সৃষ্টি করেছে।

রাজধানীর নিউ ইস্কাটন রোডে ওয়াক্ফ ভবনের সামনে রবিবার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণে আবদুল বাসির (৫০) এক পথচারী আহত হয়েছেন। এ ঘটনায় আবদুল বাসিরের পায়ে ও হাতে জখম হয়েছে। হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

একইদিনে রাজধানীর কাওরান বাজার মেট্রো স্টেশনের নিচে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম‌নিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এছাড়াও রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে র‌বিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। ‌

কলাবাগান থানার ওসি ম‌নিরুজ্জামান খান হ‌বে বলেন, ‘ঘটনাস্থলে পু‌লিশ র‌য়ে‌ছে। সিসিটি‌ভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চল‌ছে। এই ঘটনায় হতাহ‌তের কোনও ঘটনা ঘ‌টে‌নি।’

রবিবার রাত পৌ‌নে ১০টার দি‌কে নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

এদিন সন্ধ্যা সাড়ে ৭টার পর ফ্লাইওভারের ওপর থেকে নিচে ২টি স্থানে তিনটি ককটেল নিক্ষেপের পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় হাতেনাতে একজনকে আটক করা হয়।

গত দুই দিনে রাজধানীতে ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

এর আগে শনিবার রাত ১১টা ১০ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর আগে রায় ৮টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টার মধ্যে মিরপুরের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এলাকায়, মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে এবং হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে পৃথক ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

আগুন-ককটেল হামলাকারীদের গুলির নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার বাংলা ট্রিবিউনকে বলেন, “আমি জীবন ও সম্পত্তি রক্ষার কথা বলেছি। যারা মানুষ বা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করবেন, যানবাহনে আগুন দেবেন—আইনসম্মতভাবেই তাদের ওপর গুলির নির্দেশনা দেওয়া হয়েছে।”

আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি

শেখ হাসিনার রায়কে ঘিরে ইতোমধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্ব ঢাকাসহ সারা দেশে ‘লকডাউন’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। দলটি অভিযোগ করছে, শেখ হাসিনার মামলাটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।

অন্যদিকে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আইন অনুযায়ী বিচার সম্পন্ন হয়েছে এবং কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।

শেখ হাসিনা ও আরও দুই জনের বিরুদ্ধে ১৯৭২-৭৫ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলার বিচার চলছে দীর্ঘদিন ধরে। রাষ্ট্রপক্ষ বলছে, তাদের কাছে অপরাধের ‘পর্যাপ্ত প্রমাণ’ রয়েছে। অন্যদিকে আসামিপক্ষ দাবি করছে—মামলাটি ‘অবৈধ’ এবং এটি ‘রাজনৈতিক প্রতিহিংসার’ ফল। রায় ঘোষণা হলে এটি দেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পরিস্থিতি ঘিরে জনমনে উদ্বেগ

এই রায় ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যবসায়ী-যাত্রী-নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা গেছে। মিরপুরের ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ‘যে হারে বিস্ফোরণ হচ্ছে, মানুষ আতঙ্কে আছে। কাল রায়ের দিন দোকান খুলবো কিনা জানি না।’

একইভাবে বাসযাত্রী মোস্তাফিজ বলেন, ‘গত দুই দিনে গাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর নাইট শিফট কর্মীরা বাসা থেকে বের হতে ভয় পাচ্ছে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘যেকোনও ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদার করে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে।’

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ BanglaTribune | রাজধানী

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১...

Sep 13, 2025

More from this User

View all posts by admin