দুবাইপ্রবাসী ভাইয়ের পাঠানো বোনের বিয়ের স্বর্ণালংকার নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে বাসে করে বাসায় ফিরছিলেন এক বেসরকারি চাকরিজীবী। পথে রাজধানীর রামপুরায় বাস থামিয়ে সংঘবদ্ধ ডাকাতচক্রের সদস্যরা অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। পরে ওই ঘটনার সঙ্গে জড়িত আটজনকে লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মো. মনির হোসেন শিমুল (৩৫), শাকিল ওরফে শাকিব (২১), মো. রাকিবুল হাসান (২০), মো. আরিফ (২৬), মো. আহসানুল্লাহ মিরাজ (৩৬), মো. শাওন মোল্লা (১৯), মো. মনির হোসেন (৩৯) ও মো. সুমন মিয়া (৩৬)।
সোমবার (২০ অক্টোবর) রাতে ডিএমপির মিডিয়া শাখা উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মাদ তালেবুর রহমান জানান, রবিবার (১৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দর থেকে স্বর্ণালংকার নিয়ে বাসে করে বাসায় ফিরছিলেন ভুক্তভোগী। পথে রামপুরা টিভি সেন্টারের দক্ষিণে পৌঁছালে ১৮-২০ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাস থামিয়ে তাকে ‘ছিনতাইকারী’ বলে মারধর করেন এবং একটি অটোরিকশায় জোরপূর্বক তুলে হাতিরঝিল থানার উলন এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যান।
সেখানে তাকে অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিয়ে স্বর্ণালংকারসহ ট্র্যাভেল ব্যাগ ছিনিয়ে নেন। পরে এক আসামি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সুমন মিয়ার ইসলামী ব্যাংকের এটিএম কার্ড ও পাসওয়ার্ড নিয়ে ১১ হাজার টাকা উত্তোলন করে এবং তারা ঘটনাস্থলে তাকে ফেলে রেখে পালিয়ে যান।
এরপর ভুক্তভোগী মো. সুমন মিয়া হাতিরঝিল থানায় মামলা করেন। তিনি একজন বেসরকারি চাকরিজীবী। তার দুবাইপ্রবাসী ভাই মো. শফিকুল ইসলাম বোনের বিয়ের জন্য প্রায় ৯৯.৯৯ গ্রাম স্বর্ণালংকার (মূল্য প্রায় ২০ লাখ টাকা) পাঠান মো. ইমরান নামে এক ব্যক্তির মাধ্যমে।
এ ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে হাতিরঝিল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে সোমবার (২০ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে হাতিরঝিল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আটজনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৯৯.৯৯ গ্রাম স্বর্ণালংকার (যার মধ্যে রয়েছে ২টি গলার হার ও ৯টি আংটি) এবং নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।