রাজধানীর যাত্রাবাড়ীতে ধলপুর এলাকার সিটি পল্লীতে হাসিনা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা নারীকে খুনের মামলায় পালিত নাতি সাজেদুল হক সাজু (৩০)কে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২১ সেপ্টেম্বর) জিএম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম আসামিকে কারাগারে রাখার আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।
হত্যার ঘটনায় হাসিনা বেগমের ভাতিজা আশরাফ আলী গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, ১৯৯০ সাল থেকে হাসিনা বেগম যাত্রাবাড়ীর ধলপুরে সিটি পল্লীর (সরকারি বরাদ্দ) টিনসেট বাসায় একাই থাকতেন। তার স্বামী নুরুল ইসলাম অনেক আগেই মারা গেছেন। তাদের এক মেয়ে। সে বিবাহিত, গ্রামের বাড়িতে থাকে। সাজু তাকে নানি নানি করতো। তাই তিনি তার সঙ্গে রাখতেন। তিনি বাসাবাড়িতে কাজ করতেন। শনিবার সকাল ৭টা থেকে বেলা ১২টার মধ্যে যেকোনও সময় সাজু হাসিনা বেগমকে হত্যা করে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। দুপুর ১২টার দিকে পাশের বাসায় বসবাসরত অঞ্জু বেগম ঘরের দরজায় টোকা দিলে সাজু দৌড়ে পালিয়ে যেতে চায়। স্থানীয়রা তাকে তাকে আটক করে পুলিশে দেয়।