রাজধানীতে বৃষ্টিতে জলাবদ্ধতা, যানজটে ভোগান্তিতে অফিসগামী যাত্রীরা

রাজধানীতে বৃষ্টিতে জলাবদ্ধতা, যানজটে ভোগান্তিতে অফিসগামী যাত্রীরা

ঢাকা: রোববার (২১ সেপ্টেম্বর) রাতের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, ফলে সকাল থেকে তৈরি হয়েছে তীব্র যানজট।

বিশেষ করে মিরপুর এলাকার কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১০, ১৩, ১৪ ও কালশি সড়কে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ।

মিরপুর ১৪ নম্বর এলাকার বাসিন্দা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আমার অফিস এয়ারপোর্টে। দীর্ঘ সময় ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি, কিন্তু বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কোনো গাড়ি পাচ্ছি না। জানি না অফিসে পৌঁছাতে পারব কিনা।

মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানা জানান, বৃষ্টির কারণে মিরপুর ১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় পানি জমেছে। এ অবস্থায় যানজট এড়াতে মিরপুর ১২ থেকে ফার্মগেটগামী গাড়িগুলোকে মিরপুর ১ দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।  

তিনি আরও বলেন, ট্রাফিক পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। যেসব গাড়ি যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তায় বন্ধ হয়ে আছে, সেগুলো রেকার দিয়ে সরানো হচ্ছে। শেওড়াপাড়া ও কাজীপাড়ায় কিছুটা ভোগান্তি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।

ইলিশ পরিবহনের চালক মোহাম্মদ জানান, মিরপুর ১৪ থেকে মিরপুর ১০ পর্যন্ত আসতেই তার এক ঘণ্টার বেশি সময় লেগেছে। ১৩ নম্বরে জলাবদ্ধতার কারণে গাড়ি প্রায় চলছেই না। জানি না সাভার যেতে আরও কত সময় লাগবে।

জিএমএম/আরআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin