রাজধানী ঢাকায় দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, “সম্প্রতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, দায়িত্বরত অবস্থায় অনেক পুলিশ সদস্য মোবাইল ফোনে ব্যস্ত থাকেন। এতে তাদের সতর্ক নজরদারি ব্যাহত হচ্ছে এবং দায়িত্ব পালনে শিথিলতা দেখা দিচ্ছে। ফলে পুলিশ দৃশ্যমান থাকা সত্ত্বেও তারা নিজেদের নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না।”
আদেশে আরও বলা হয়, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে এই নির্দেশনা জারি করা হয়েছে।”
এতে বলা হয়েছে, “দায়িত্বরত অবস্থায় ইনচার্জ ছাড়া অন্য কোনও পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করলে তা শৃঙ্খলা পরিপন্থি কাজ হিসেবে গণ্য হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একইসঙ্গে, ডিউটিতে মোতায়েনের আগে প্রত্যেক পুলিশ সদস্যকে এই নির্দেশনার বিষয়ে সচেতন ও বাধ্যতামূলকভাবে অবহিত করতে ইউনিট ইনচার্জদের নির্দেশ দেওয়া হয়েছে।