রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিবের করা কমিটি স্থগিত করলেন আহ্বায়ক

রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিবের করা কমিটি স্থগিত করলেন আহ্বায়ক

রাজশাহীর দুর্গাপুর উপজেলা বিএনপির ছয়টি ইউনিয়ন কমিটি জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকারের তত্ত্বাবধানে সম্মেলনের মাধ্যমে গঠিত হয়েছিল। আজ সোমবার জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ ওই কমিটিগুলো স্থগিত ঘোষণা করেছেন। তাঁর দাবি, বিভাগীয় সমন্বয়কারীর নির্দেশেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বনাথ সরকার বলছেন, বিষয়টি তিনি কেন্দ্রীয় কমিটিকে জানাবেন।

এ ঘটনায় আজ বিকেলে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন দুর্গাপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার, তবে তিনি বক্তব্য দেননি। লিখিত বক্তব্য পাঠ করেন দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্যসচিব জোবায়েদ হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্গাপুরের ইউনিয়ন কমিটিগুলো করার জন্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ছয় সদস্যের একটি কমিটি করে দেন। সেই কমিটির প্রধান ছিলেন বিশ্বনাথ সরকার। এই কমিটির তত্ত্বাবধানে গত ২০ থেকে ২৯ মে পর্যন্ত নওপাড়া, কিসমত গণকৈড়, পানানগর, দেলুয়াবাড়ি ও জয়নগর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিটি ইউনিয়নে পাঁচজন নির্বাচিত হন।

পরে কয়েকজন নেতা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে আজ আহ্বায়ক আবু সাঈদ একক স্বাক্ষরে ছয়টি ইউনিয়ন কমিটি স্থগিত করে ফেসবুকে প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই ইউনিয়ন কমিটির নেতারা সংবাদ সম্মেলন করে বলেন, ত্যাগী ও নির্যাতিত নেতাদের নেতৃত্বে নির্বাচিত কমিটিগুলো আবু সাঈদ নিজ স্বার্থে স্থগিত ঘোষণা করেছেন। কেন্দ্রের নির্দেশনায় সম্মেলনের মাধ্যমে গঠিত এসব ইউনিয়ন কমিটি তিনি স্থগিত ঘোষণা করতে পারেন না বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

বিশ্বনাথ সরকার বলেন, ‘কেন্দ্রের নির্দেশনায় সম্মেলনের মাধ্যমে কমিটিগুলো করেছি। কোনো ধরনের অনিয়ম হয়নি। আহ্বায়ক কেন কমিটি স্থগিত করেছেন, সেটা বলতে পারব না। তাঁর সঙ্গে আমার কথা হয়নি। তিনি একক স্বাক্ষরে এটা করতে পারেন না। বিষয়টি আমি দ্রুতই কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের জানাব।’

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ বলেন, স্থানীয় বিএনপির যাঁরা আন্দোলন–সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাঁদের সঙ্গে সমন্বয় না করে কমিটিগুলো অনুমোদন করা হয়েছে। এতে দলের ভেতরে ও বাইরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিএনপির বিভাগীয় সমন্বয়কারী আবদুস সালামের নির্দেশে কমিটিগুলো স্থগিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, পৌর কমিটির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান লাল্টু, জেলা কমিটির সদস্য সাইদুর রহমান মন্টুসহ ছয় ইউনিয়নের সদ্য স্থগিত করা কমিটির সভাপতি, সম্পাদকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin