রাজশাহীসহ তিন জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

রাজশাহীসহ তিন জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে অবশেষে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার পর শ্রমিকেরা কাজে ফিরলে বাস চলাচল স্বাভাবিক হয়।

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মালিকপক্ষ বাস বন্ধ করে দিলে পরিবহন অচল হয়ে পড়ে। এর আগে ৭ সেপ্টেম্বর বেতন–ভাতা বাড়ানোর দাবিতে শ্রমিকেরা তিন জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করেছিলেন। দুই দিন পর মালিকপক্ষের আশ্বাসে তাঁরা কাজে ফিরলেও আশানুরূপ বেতন না বাড়ায় ২২ সেপ্টেম্বর থেকে আবারও কর্মবিরতি শুরু হয়। ২৩ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত কেবল একতা পরিবহন চললেও পরে সেটিও বন্ধ হয়ে যায়।

মালিকপক্ষ গতকাল সোমবার বাস ধর্মঘট প্রত্যাহার করলেও শ্রমিকেরা কাজে ফেরেননি। রাত সাড়ে ১০টার দিকে রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় তাঁরা মাথায় কাফনের কাপড় বেঁধে দাবি আদায়ে বিক্ষোভ করেন। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকেও মাথায় কাফনের কাপড় বেঁধে বেতন বাড়ানোর দাবিতে তাঁদের বিক্ষোভ করতে দেখা যায়। পরে দুপুরে নওদাপাড়া বাস টার্মিনালে শ্রমিকনেতাদের দীর্ঘ বৈঠকে সুপারভাইজারের ট্রিপপ্রতি ভাড়া ৫০ টাকা ও হেলপারের ভাড়া ১০০ টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। এ ঘোষণার পর শ্রমিকেরা কাজে ফেরেন।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, শ্রমিকদের নিয়ে আজ সভা হয়েছে। সভায় হেলপার ও সুপারভাইজারের বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটি আগামী তিন দিন পর কার্যকর হবে। শ্রমিকদের অন্য দাবিগুলোর জন্য মালিকপক্ষ এক মাস সময় নিয়েছে।

উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম জানান, চালকেরা ট্রিপপ্রতি ১ হাজার ৭৫০ টাকা, সুপারভাইজার ৭৫০ টাকা ও হেলপার ৬৫০ টাকা পাবেন। তবে তিন দিন পর থেকে সুপারভাইজার অতিরিক্ত ৫০ টাকা ও হেলপার অতিরিক্ত ১০০ টাকা করে পাবেন।

দেশ ট্র্যাভেলসের বাসচালক জিয়াউর রহমান বলেন, সভায় প্রতিশ্রুতি ও মালিকপক্ষের দেওয়া এক মাস সময়সীমা বিবেচনায় নিয়ে তাঁরা গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin