রাজশাহীতে মরদেহ সৎকারে গিয়ে নৌকাডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ ২

রাজশাহীতে মরদেহ সৎকারে গিয়ে নৌকাডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ ২

রাজশাহীর গোদাগাড়ীতে মরদেহ সৎকারে গিয়ে নৌকাডুবিতে একজন মারা গেছেন। এ ছাড়া আরও দুজন নিখোঁজ হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকার পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম জিতেন মণ্ডল (৬০)। তিনি পার্শ্ববর্তী কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা। নিখোঁজ আছেন ফরাদপুর গ্রামের দিলীপ (৩২) এবং ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)। তাদের উদ্ধারে স্থানীয় ব্যক্তিদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। তাঁর মরদেহ সৎকার করতে পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়। এরপর মরদেহটি চরে রেখে আরও আত্মীয়স্বজনকে নিতে একটি নৌকা আসে। এতে ২০ থেকে ২৫ জন আত্মীয় নৌকায় উঠে নদী পার হয়ে মরদেহ সৎকারের জন্য যাচ্ছিলেন। তখন স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পর বাকিরা সাঁতরে পাড়ে উঠলেও তিনজন নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন জিতেন মণ্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান বলেন, নৌকাডুবিতে একজনের মৃত্যুর খবর তিনি পেয়েছেন। নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে এবং বিস্তারিত জানতে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, বেলা ১১টা ৫ মিনিটে রাজশাহী থেকে তাদের ডুবুরি দল ঘটনাস্থলে রওনা দিয়েছেন। সেখানে পানির গভীরতা প্রায় ১২০ ফুট। ডুবুরিরা অনুসন্ধান চালাচ্ছেন, দুপুর ১২টা পর্যন্ত নিখোঁজদের উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin