১৭৭ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৬৩১ টাকার অস্বাভাবিক ও সন্দেজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ততার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক মো আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছিদ্দিকুর রহমান সরকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এবং ইঞ্জিনিয়ার-ইন-চিফ, সেনাসদরসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৩৬ কোটি ১৫ লাখ ১৭ হাজার ৬৮৫ টাকা মূল্যের সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখা এবং নিজ নামীয় ৩৮টি ব্যাংক হিসাবে মোট ১৫১ কোটি ৩১ লাখ ২১ লাখ ৯৫৭ টাকার অস্বাভাবিক লেনদেন এবং তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ১৯টি ব্যাংক হিসাবে জমা ও উত্তোলনসহ ২৬ কোটি ১৭ লাখ ৫ হাজার ৬৭৪ টাকাসহ সর্বমোট ১৭৭ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৬৩১ টাকার অস্বাভাবিক ও সন্দেজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’সংঘঠিতর মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহার রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এসএমএকে/এএটি