রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণের সর্বোচ্চ ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। রবিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসু নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।
তিনি বলেন, এটা অন্তত বলতে চাই, আমাদের ৩/৪ দিন সময় লাগবে না। আমাদের অত্যন্ত দক্ষ একটা টেকনিক্যাল টিম কাজ করবে। কিন্তু একটা বিষয় দেখতে হবে ২৯ হাজার ভোটার ও ৯ শতাধিক প্রার্থী রয়েছে। সর্বোচ্চ ১২-১৫ ঘণ্টার মধ্যে কাজটা শেষ হবে বলে আমরা আশাবাদী।
উপাচার্য বলেন, ভোট গ্রহণ শেষে ব্যালট পেপার বের করা থেকে গণনা সবকিছুই ক্যামেরার আওতায় থাকবে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না আপনাদের (সাংবাদিক) মাধ্যমে পুরো দেশবাসীও বিষয়ে দেখতে পারবেন।
এর আগে একটি লিখিত বক্তব্য পাঠ করেন উপাচার্য সালেহ হাসান নকীব। নির্বাচনের জন্য ক্যাম্পাসে উপযুক্ত পরিবেশ রয়েছে বলে জানান তিনি।
এ সময় নির্বাচন সফল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহা. মাঈন উদ্দীন, উপাচার্য (শিক্ষা) ড. ফরিদ উদ্দিন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদ ও প্রক্টর ড. মাহবুবর রাহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ হবে।