রাকসুতে সজীব-আম্মারের প্যানেল থেকে সরে দাঁড়ালেন এজিএস প্রার্থী

রাকসুতে সজীব-আম্মারের প্যানেল থেকে সরে দাঁড়ালেন এজিএস প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে একে একে তিনজন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। সর্বশেষ প্যানেলের শীর্ষ তিন পদের একটি—সহসাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী ও সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল শুক্রবার রাতে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ ঘোষণা দেন।

সরে দাঁড়ানো অন্য দুজন হলেন মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী ফাহির আমিন এবং সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক প্রার্থী এম শামীম। তাঁরা দুজনই ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন সমন্বয়কের নেতৃত্বে গত মাসে আত্মপ্রকাশ করে ‘আধিপত্যবিরোধী ঐক্য’। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ওই সমন্বয়কদের উপস্থিতি এই প্যানেলের সবচেয়ে বড় শক্তি হিসেবে আলোচনায় ছিল। তবে ক্যাম্পাসে গুঞ্জন আছে, প্যানেলটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিংবা ছাত্রশিবিরের ‘ছায়া টিম’ হিসেবে সক্রিয়। এর মধ্যেই একে একে তিনজন প্রার্থীর সরে দাঁড়ানো নতুন আলোচনার জন্ম দিয়েছে।

প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।

ফেসবুক পোস্টে এজিএস পদপ্রার্থী আকিল বিন তালেব লিখেছেন, ‘সাম্প্রতিক নানা বাস্তবতায় এবং ব্যক্তিগত কিছু কারণে আমি “আধিপত্যবিরোধী ঐক্য” প্যানেল থেকে সরে দাঁড়াচ্ছি। একটি প্যানেল মূলত টিমওয়ার্কের মাধ্যমে গড়ে ওঠে, তবে শেষ পর্যন্ত নির্বাচনে জয়ী হওয়ার বিষয়টি নির্ভর করে ব্যক্তির যোগ্যতা, সততা ও কর্মদক্ষতার ওপর। আমাদের ভেতরে পারস্পরিক বোঝাপড়ার কিছু ঘাটতির কারণে অনেকে ইতিমধ্যে সরে দাঁড়িয়েছেন। আমিও সেই ধারাবাহিকতায় আজ প্যানেল থেকে সরে যাচ্ছি।’

আকিল বিন তালেব লিখেছেন, তিনি রাকসু নির্বাচনে এজিএস ও সিনেট সদস্য—এই দুটি পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। একসঙ্গে দুটি পদে প্রচারণা চালানো তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি এখন শুধু সিনেট সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে ১২ সেপ্টেম্বর ফাহির আমিন এবং ১৭ সেপ্টেম্বর এম শামীম প্রার্থিতা প্রত্যাহার করেন।

প্যানেল ভাঙনের বিষয়ে জানতে ভিপি প্রার্থী মেহেদী সজীব ও জিএস প্রার্থী সালাউদ্দিন আম্মারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা সাড়া দেননি।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin