রামগড় সীমান্তে ছোট ফরিংগায় নতুন বিওপি

রামগড় সীমান্তে ছোট ফরিংগায় নতুন বিওপি

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালানসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনের লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন ও ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ‘ছোট ফরিংগা বিওপি’ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) বিজিবি সদর দপ্তর থেকে গণমাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজিবির চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও নামফলক উন্মোচনের মাধ্যমে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর নবনির্মিত ও ১২তম ছোট ফরিংগা বিওপি উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে রিজিয়ন কমান্ডার বিওপিতে বৃক্ষরোপণ, সৈনিকদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন স্থাপনা ও এলাকা পরিদর্শন করেন।

এ সময় বিজিবির গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার, রামগড় ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন।

রিজিয়ন কমান্ডার বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী’ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রামগড় ব্যাটালিয়ন সীমান্তের নিরাপত্তা ও সীমান্তবর্তী জনগণের আস্থার প্রতীক হিসেবে ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্ভুক্ত চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ড ও ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী প্রায় পাঁচ কিলোমিটার এলাকার নিকটস্থ বিওপিগুলো থেকে কিছুটা দূরবর্তী ছিল। ফলে এসব এলাকায় অপারেশনাল কার্যক্রম পরিচালনা ছিল কষ্টসাধ্য। তাই ছোট ফরিংগায় নতুন বিওপি স্থাপন অত্যন্ত জরুরি হয়ে পড়ে।

তিনি আরও বলেন, বিওপিটি স্থাপনের ফলে পার্শ্ববর্তী বিওপিগুলোর দূরত্ব লাঘবের পাশাপাশি রামগড় ব্যাটালিয়নের অপারেশনাল সক্ষমতা আরও বাড়বে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে এই বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এজেডএস/এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin