রামগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ-গুলিবর্ষণ

রামগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ-গুলিবর্ষণ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার করপাড়া ইউনিয়নের গৌরিপুর গ্রামের আমতলী বিল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার আমতলী এলাকায় দীর্ঘদিন ধরে বালু উত্তোলন নিয়ে বিরোধ চলছিল। সন্ধ্যায় এক পক্ষ বালু তুলতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে দুর্বৃত্তরা অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

সংঘর্ষ চলাকালে স্থানীয়দের প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গুলিবর্ষণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, কিছু দুষ্কৃতকারী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। 'পিচ্চি নিশান' নামে এক ব্যক্তির নেতৃত্বে অস্ত্রধারীরা এ ঘটনা ঘটায়।

মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজউদ্দীন বাংলানিউজকে বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলিবর্ষণের বিষয়টি স্থানীয়দের কাছ থেকে শুনেছি। একপক্ষ সদরের চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের, অন্যপক্ষ করপাড়া এলাকার। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। যারা এ ঘটনার সাথে সম্পৃক্ত, তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

জেএইচ

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin