রাঙামাটিতে নিরাপত্তা জোরদার, শান্তিপূর্ণভাবে হবে কঠিন চীবর দান

রাঙামাটিতে নিরাপত্তা জোরদার, শান্তিপূর্ণভাবে হবে কঠিন চীবর দান

আসন্ন কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন। উৎসব চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য সংস্থা যৌথভাবে দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত সমন্বয় সভায় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক সবার সহযোগিতা কামনা করেন এবং উৎসবকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান।

সভায় রাজবন বিহার ও পার্বত্য ভিক্ষু সংঘের প্রতিনিধি দলসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল বিহারকেন্দ্রিক বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। রিজিয়ন কমান্ডার মনোযোগসহকারে বিষয়গুলো শোনেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় বিহারের প্রবেশপথে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন, স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রাখা, সিসিটিভির মাধ্যমে নজরদারি এবং প্রবেশপথে দিক-নির্দেশনামূলক প্যানাফ্লেক্স টানানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সমন্বয় সভায় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক জানান, রাঙামাটিতে বর্তমানে সব জনগোষ্ঠীর মধ্যে যে পারস্পরিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় আছে, তা অত্যন্ত প্রশংসনীয়।  ভবিষ্যতেও এই সম্প্রীতির ধারা অব্যাহত থাকবে বলে আশা রাখি। তিনি জানান, উৎসবকে ঘিরে রাঙামাটিতে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin