রাসায়নিক গুদামে আগুন: বিয়ে ঠিক হওয়া বাবুও চলে গেলেন না ফেরার দেশে

রাসায়নিক গুদামে আগুন: বিয়ে ঠিক হওয়া বাবুও চলে গেলেন না ফেরার দেশে

গাজীপুরের টঙ্গী থানার সাহারা মার্কেটে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন মো. আল আমিন বাবু (২৩)। শিগগিরই তার বিয়ে করার কথা ছিল। কিন্তু এর আগেই মার্কেটে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাবুর মৃত্যু হয়। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হলো। তাদের মধ্যে দুজন ফায়ার সার্ভিসের কর্মী।

নিহত বাবু কুড়িগ্রামের রৌমারী উপজেলার রতন হাওলাদারের ছেলে। তিনি পরিবারের সঙ্গে টঙ্গী রেলওয়ে কলোনি এলাকায় থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

আরও পড়ুনমৃত্যুর কাছে হার মেনে চলে গেলেন ফায়ার ফাইটার শামীমশতভাগ দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদাও চলে গেলেনহতাহত ফায়ার কর্মীদের পরিবারকে ১৩ লাখ টাকা সহায়তা

বাবুর ভাই মো. আকাশ বলেন, ‘আমার ভাই টঙ্গীর সাহারা মার্কেটের একটি রঙের দোকানে কাজ করতো। আমরা ভাইয়ের বিয়ে ঠিক করেছিলাম। দ্রুত বিয়ে হতো। তার আগেই ভাই যে দুনিয়া ছেড়ে চলে যাবে, এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে।’

গত ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ড ঘটে। তা নেভাতে গিয়ে দগ্ধ হন পাঁচজন। তাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হলে ফায়ার সার্ভিসের চার কর্মীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং দোকান কর্মচারী বাবুকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বাবুর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে আইসিইউতে তার মৃত্যু হয়।

কাজী আল-আমিন/একিউএফ/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin