রাষ্ট্র সংস্কার ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ নয়: ফয়জুল করীম

রাষ্ট্র সংস্কার ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ নয়: ফয়জুল করীম

রাষ্ট্র সংস্কার ছাড়া দেশের ভবিষ্যৎ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, আগামীর বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলতে একটি সুন্দর নির্বাচন দরকার। যে নির্বাচনে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। আর জন্য আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হতে হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের সিংড়া উপজেলায় ইসলামী আন্দোলনের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, আমি বিশ্বাস করি, হাতপাখার বিজয় হলে এ জাতির বিজয় হবে, গরিবদের বিজয় হবে, ধনীদের বিজয় হবে, হাতপাখার বিজয় হলে মুসলমান, হিন্দু, খ্রিষ্টান-সকলের বিজয় হবে।

তিনি বলেন, যারা নৌকা, ধানের শীষ বা লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করেন, তারা নিজেরা এসব ব্যবহার করতে পারেন না। নৌকা চালান গরিবরা, ধান কাটেন গরিবরা এবং লাঙল বইতে পারেন গরিবরা। অথচ যারা নির্বাচন করেন, তারা কেউ গরিব নন। তিনি এসব প্রতীককে ‌‘ধোঁকাবাজি’ হিসেবে আখ্যায়িত করেন।

সিংড়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, নাটোর জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, সহ-সভাপতি ও নাটোর-৩ (সিংড়া) আসনে হাতপাখার মনোনীত প্রার্থী মাওলানা খলিলুর রহমান, জেলা সেক্রেটারি এম এম ওমর ফারুক, উপজেলা সেক্রেটারি শাহ্ মোস্তফা ওয়ালিউল্লাহ্ সেলিম।

সমাবেশে আরও বক্তব্য দেন সিংড়া পৌর জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, নায়েবে আমির মাওলানা আলী আকবর, সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফ প্রমুখ।

রেজাউর করিম রেজা/কেএইচকে/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin