ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসে কনস্যুলার সেবা নিতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনও আবেদন গ্রহণ করবে না দূতাবাস। আগামীকাল ৯ নভেম্বর থেকে চালু হচ্ছে এই ইলেকট্রনিক অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম।
শনিবার (৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার রাশিয়ান দূতাবাস।
দূতাবাস জানায়, ৯ নভেম্বর থেকে আবেদনকারীরা নির্ধারিত লিংকে প্রবেশ করে কনস্যুলার বিষয়গুলোতে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। লিংকটি হলো: https://dhaka.kdmid.ru।
ওয়ার্ক ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে রাশিয়ান দূতাবাসের কনস্যুলার বিভাগের ই-মেইলের ([email protected]) মাধ্যমে।
jwARI.fetch( $( "#ari-image-jw690f193a904ea" ) );
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনও আবেদন গ্রহণ করা হবে না। নতুন এই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা ডকুমেন্ট প্রসেসিং সহজ করবে, দর্শনার্থীদের লাইনে অপেক্ষার ঝামেলা কমাবে, সেবার মান উন্নত করবে এবং কনস্যুলার অফিসের কাজকে আরও কার্যকর করবে বলে মনে করছে রাশিয়ার দূতাবাস।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইলেকট্রনিক অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে ব্যবহারকারীরা এক বা একাধিক পরিষেবার জন্য সময় নির্ধারণ, পরিবর্তন বা বাতিল করতে পারবেন। অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনও চার্জ নেওয়া হবে না।
অ্যাপয়েন্টমেন্টের জন্য হাজির হওয়া ব্যক্তির সঠিক তথ্য জমা দিতে হবে। একটি পরিবারের প্রতিটি সদস্যকে আলাদা আলাদা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। একই সেবার জন্য একজন আবেদনকারী একাধিক অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন না। কেউ দুই বা ততোধিক অ্যাপয়েন্টমেন্ট করলে তার জমা দেওয়া ব্যক্তিগত তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হবে।
দূতাবাস আরও জানায়, ভুলবশত কোনও অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্ট করলে তা নিজে থেকেই সিকিউরিটি কোড ব্যবহার করে বাতিল করতে হবে। এই নির্দেশনা না মানলে বা নিয়মবহির্ভূত অ্যাপয়েন্টমেন্টগুলো কোনো নোটিশ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে, এবং সে বিষয়ে কোনও অভিযোগও গ্রহণ করা হবে না।