রিলসে ‘বউদি’ মানেই যেন বাজে ইঙ্গিত, স্বস্তিকা বললেন...

রিলসে ‘বউদি’ মানেই যেন বাজে ইঙ্গিত, স্বস্তিকা বললেন...

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবার ‘প্রমোটার বউদি’। পরিচালক শৌর্য দেবের প্রথম ছবিতে নতুনভাবে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রীকে। হইচইয়ের সিরিজ ‘দুপুর ঠাকুরপো’তে উমা বউদি চরিত্রে অভিনয় করে আলোচনায় ছিলেন স্বস্তিকা। রিলসে এখনো বারবার ঘুরেফিরে আসে সেই সিরিজের বিভিন্ন দৃশ্য। তবে সেই সিরিজের সূত্র ধরে নেট–দুনিয়ায় এই ‘বউদি’ যেন এক আপত্তিকর ইঙ্গিত। নতুন সিনেমার শুটিংয়ে গিয়ে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন স্বস্তিকা।

প্রমোটার বললেই মাথায় আসে কোনো পুরুষ হবেন কিন্তু সেই প্রচলিত ইমেজ ভেঙে এ ছবিতে স্বস্তিকাকে দেখা যাবে প্রমোটারের চরিত্রে।

সিনেমাটি নিয়ে স্বস্তিকা বললেন, ‘নব্বইয়ের দশকের বাণিজ্যিক মসলা ছবির স্বাদ আবার ফিরিয়ে দেবে এই নতুন ছবি। একদিকে যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকদের নিয়ে দর্শকমহলে আলোচনা হয়, তেমনই বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে অঞ্জন চৌধুরী, প্রভাত রায়, হরনাথ চক্রবর্তী, রবি কিনাগীর মতো পরিচালকদের সমান অবদান রয়েছে।’

অভিনেত্রী যোগ করলেন, ‘মূলধারার বাণিজ্যিক ছবি থেকেই তো আমার শুরু। এখনো শহরতলিতে গেলে “প্রিয়তমা”, “সাথীহারা” ছবি নিয়ে আলোচনা করেন দর্শক। সেই স্বাদই এই ছবিতে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। দুর্দান্ত ভাসান নাচও আছে। প্রমোটার ভিলেনও রয়েছে এখানে।’

গল্পে দুই সন্তান, স্বামী নিয়ে স্বস্তিকার সংসার। সেই হিসাবে পাড়ার সবাই তাঁকে বউদি বলে ডাকে। স্বস্তিকা বললেন, ‘আমার পাড়াতেও দেখেছি, মাকে সবাই বউদি বলেই ডাকত। এখন সমাজমাধ্যমের কারণে “বউদি” শব্দটা কুরুচিকর ইঙ্গিতে ব্যবহার করা হয়। সেটা তো আদতে নয়! বউদি শব্দটার মধ্যে পারিবারিক, মিষ্টি, আপন ব্যাপার আছে। এখানেও আমার চরিত্রটা ও রকমই। পেশায় প্রমোটার। তাই নাম প্রমোটার বউদি।’

এই ছবি নিম্নমধ্যবিত্ত পরিবারের গল্পই বলবে, জানালেন স্বস্তিকা। অভিনেত্রীর কথায়, ইদানীং বড় পর্দায় শহুরে সমস্যা, শহুরে গল্পের গল্পের ছোঁয়া বেশি দেখা যায়। নায়িকার মতে, ‘নিম্নমধ্যবিত্ত পরিবারেরও অনেক সমস্যা থাকে। এই শহরে নিম্নবিত্তের সংখ্যাই বেশি। তাদের জীবনে অনেক সমস্যা আছে। তবে এই কাহিনিতে বাণিজ্যিক ঘরানার গল্পের যা যা উপাদান প্রয়োজন, সব আছে।’

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে স্বস্তিকার ছবিটি। পরিবারের কোন্দল, গোয়েন্দা গল্পের বাইরে অন্যভাবে কাহিনি বলার চেষ্টা করেছেন শৌর্য। আর সঙ্গে দারুণ সংলাপ। নায়িকা জানালেন, এই ছবি দেখলে তাঁর শুরুর দিনগুলোয় ফিরে যাবেন দর্শক।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin