রংপুরে সাংবাদিককে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন, থানায় মামলা

রংপুরে সাংবাদিককে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন, থানায় মামলা

রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলীকে (বাদল) ‘মব সৃষ্টি করে’ হেনস্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় সাংবাদিকেরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।

বেলা দেড়টায় মানববন্ধন শেষ হয়। আগামীকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার মধ্যে আসামিরা গ্রেপ্তার না হলে পরের দিন মেট্রোপলিটন পুলিশের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেন সাংবাদিক নেতারা।

রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধনে অংশ নেন রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে), রংপুর প্রেসক্লাব, রংপুর রিপোর্টাস ক্লাব, রিপোর্টাস ক্লাব রংপুর, সিটি প্রেসক্লাব, রংপুর রিপোর্টাস ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোশিয়েশন রংপুর, রংপুর অনলাইন জানালিস্ট অ্যাসোসিয়েশনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, লিয়াকত আলী রংপুর সিটি করপোরেশনের অটোরিকশা লাইসেন্স বাণিজ্যে পাঁচ কোটি টাকার দুর্নীতির খবর প্রকাশ করায় হামলার শিকার হয়েছেন। ওই প্রতিবেদন প্রকাশের পর লাইসেন্স বিতরণ বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ হওয়া চক্র তাঁকে তুলে নিয়ে হত্যাচেষ্টা চালায়। সেই সঙ্গে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তাঁকে ক্ষমা চাওয়ানোর চেষ্টা চালান।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাযহারুল মান্নান কাল রাত ১২টার মধ্যে হামলার সঙ্গে জড়িত মব সৃষ্টিকারী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি করেন। রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকে প্রত্যাহার এবং প্রতিবাদ জানাতে যাওয়া সাংবাদিকদের হামলাকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আগামী বুধবার দুপুর ১২টায় রংপুর মেট্রোপলিন পুলিশের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

সংবাদ প্রকাশের জেরে গতকাল রোববার দুপুর ১২টার দিকে রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলীকে নগরের কাচারিবাজার থেকে তুলে নিয়ে মারধর করা হয়। তিনি দৈনিক সংবাদের বিভাগীয় প্রতিনিধি। হেনস্তার শিকার এই সাংবাদিক বলেন, ‘আমার ওপর যে হামলা হয়েছে, তা পরিকল্পিত। আমাকে ধরে আনলে, মব করলে, মারি ফেললে, পঙ্গু করলে তো আমি আর রিপোর্ট করব না, সে জন্যই তারা কাল আমাকে তুলে আনে। দেশের সাংবাদিক ভাইদের কাছে আমার আবেদন, সবাই প্রতিরোধ গড়ে তুলুন।’

রংপুর নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, হামলার শিকার সাংবাদিক লিয়াকত আলী ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin