বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে। আগামী বছর ১ মার্চ অস্ট্রেলিয়ার সেই টুর্নামেন্টকে সামনে রেখে নিবিড় অনুশীলনের জন্য আজ শনিবার ২৯ জন নারী ফুটবলার চট্টগ্রাম গেছেন।
বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আজ ভবনে তার কক্ষে উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘মেয়েরা আরও উন্নত ও নিবিড় অনুশীলনের জন্য চট্টগ্রামের আনোয়ারায় ইয়াংওয়ানের ব্যবস্থাপনায় কোরিয়ান ইপিজেডে বিশ দিন অনুশীলন করবে। সেখানে ইয়াংওয়ানই সকল ব্যবস্থাপনা করছে, বাফুফের খরচ নেই। ১৬ অক্টোবর সেখান থেকে ঢাকায় আসবে। ভুটানে থাকা দশ ফুটবলার ১৭ অক্টোবর দেশে ফিরবে। ঢাকায় ৪-৫ দিন অনুশীলনের পর থাইল্যান্ডে দুই ম্যাচ খেলতে রওনা হবে দল। ’
নভেম্বরে ঋতুপর্ণাদের জাপানে সপ্তাহ দু’য়েক অনুশীলন করার কথা ছিল। তবে তা বাতিল হয়েছে বলে জানালেন কিরণ,‘ জাপান ২০-৩০ নভেম্বর আমাদের যেতে বলেছিল, ঐ সময় আমরা ঢাকায় ফিফা উইন্ডোতে ত্রিদেশীয় ম্যাচ খেলবো। এজন্য আর সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না।'