রুশ গুপ্তচরবাহী জাহাজ ‘ইয়ানতার’ জাহাজটি হুমকি হয়ে উঠলে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে যুক্তরাজ্য। বুধবার এ কথা জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ব্রিটেনের রয়্যাল নেভি ও রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) নিয়মিতভাবে জাতীয় নিরাপত্তার সম্ভাব্য হুমকির নজরদারি করে। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে রুশ জাহাজ ও সাবমেরিন পর্যবেক্ষণের এ ধরনের টহল আরও জোরদার করা হয়েছে।
হিলি বলেন, আরএএফ পাইলটদের দিকে লেজার তাক করা ছিল চরম বিপজ্জনক এবং ইয়ানতার পরবর্তী পদক্ষেপের ওপর ভিত্তি করে ব্রিটেন প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ইয়ানতার দিক পরিবর্তন করলে আমাদের সামরিক বিকল্প প্রস্তুত আছে।
বুদ্ধিবৃত্তিক তথ্য সংগ্রহ ও পানির নিচের কেবল মানচিত্র তৈরির উদ্দেশ্যে ব্যবহৃত ইয়ানতার বর্তমানে স্কটল্যান্ডের উত্তরে ব্রিটিশ জলসীমার প্রান্তসীমায় অবস্থান করছে।
হিলি জানান, এই প্রথমবার ইয়ানতারের পক্ষ থেকে ব্রিটিশ আরএএফের বিরুদ্ধে এমন আচরণ দেখা গেলো। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি।
তিনি আরও বলেন, নৌবাহিনীর রুলস অব এনগেজমেন্ট পরিবর্তন করা হয়েছে, যাতে ব্রিটেনের বিস্তৃত জলসীমায় ইয়ানতারের গতিবিধি আরও ঘনিষ্ঠভাবে অনুসরণ করা যায়।