সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যুর পর সামাজিকযোগাযোগ মাধ্যমে তার চিকিৎসাধীন অবস্থার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, প্রচারিত ছবিটি কোনোভাবেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার নয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য জানান।
তিনি জানান, অসুস্থতার কারণে কারাবন্দি অবস্থায় সাবেক মন্ত্রীকে একাধিকবার নিয়ম মেনে হাসপাতালে পাঠানো হয়েছিল। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
বিবৃতিতে বলা হয়, সামাজিকযোগাযোগ মাধ্যমে মৃত একজন ব্যক্তিকে নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার দায়িত্বশীলতার পরিচয় নয়। সকলকে অনুরোধ করা হচ্ছে—এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে।
বাংলাদেশ জেল কর্তৃপক্ষ পুনরায় নিশ্চিত করেছে, সব বন্দির মানবিক মর্যাদা রক্ষায় তারা সর্বদা দায়িত্বশীল এবং সাবেক এই মন্ত্রীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
টিটি/এমআরএম