সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির জন্য অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালতে এই আবেদন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী মোকাররম হোসাইন প্রথম আলোকে বলেন, আগামী রোববার শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যান সাইফুজ্জামান চৌধুরী।

চলতি বছরের ১৭ এপ্রিল ২০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা হয়। সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর নামে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি সম্পত্তিসহ অন্যান্য দেশে স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া গত ৫ মার্চ তাঁদের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত। এসব হিসাবে ৫ কোটি ২৬ লাখ টাকার বেশি জমা আছে। একই সঙ্গে তাঁদের নামে থাকা ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশও দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৭ অক্টোবর আদালত সাইফুজ্জামান চৌধুরী ও রুকমিলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুদক। ৪ সেপ্টেম্বর নগরের কোতোয়ালি থানায় সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের অভিযোগে তাঁদের দুজনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সর্বশেষ ১৬ সেপ্টেম্বর ‘ভুয়া তথ্য’ দিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে প্রায় ২১ কোটি টাকা ঋণ নিয়ে ‘আত্মসাতের’ অভিযোগেও দুজনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। দেশে-বিদেশে সাইফুজ্জামানের নামে–বেনামে থাকা অবৈধ সম্পদের এখনো অনুসন্ধান করছে দুদক।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin