সাবেক যুগ্মসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারের ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। পাঁচ ব্যাংক হিসাবে ৩৮ লাখ ৮১ হাজার ৪৭৭ টাকা রয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা (সহকারী পরিচালক) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সংস্থার পরিচালক আবুল হাসনাত এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, সাবেক যুগ্মসচিব এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের একান্ত সচিব (পিএস) কিবরিয়া মজুমদারের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও নিয়োগ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা গেছে, কিবরিয়া মজুমদারের নামীয় ৫টি সচল ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেন ও ৩৮ লাখ ৮১ হাজার ৪৭৭ টাকা স্থিতি থাকার তথ্যাদি পাওয়া যায়। কিবরিয়া মজুমদার বর্তমানে জেলহাজতে আটক থাকলেও তার পক্ষে পরিবারের অন্য কেউ টাকা উত্তোলন করে গোপন বা পাচার করতে পারে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে কিবরিয়া মজুমদারের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।